কারাগারে ডেসটিনির এমডির জুম মিটিং: ৪ প্রধান কারারক্ষী বরখাস্ত, প্রত্যাহার ১৭

কারাগারের অধীনে থেকে হাসপাতালে চিকিৎসা নেওয়ার সময় বিতর্কিত এমএলএম প্রতিষ্ঠান ডেসটিনির এমডি রফিকুল আমিনের জুম মিটিংয়ে অংশ নেওয়া এখন সারাদেশের আলোচিত ঘটনাগুলোর একটি। এ ঘটনায় এখন পর্যন্ত ৪ প্রধান কারারক্ষীকে বরখাস্ত করা হয়েছে। মোট প্রত্যাহার করা হয়েছে ১৭ কারারক্ষীকে।

বৃহস্পতিবার (০১ জুলাই) আটজন ও শুক্রবার (০২ জুলাই) নয়জনকে প্রত্যাহার করা হয়। বাকিদের বিরুদ্ধে দায়ের করা হয়েছে বিভাগীয় মামলা। বিষয়টি নিয়ে গঠিত তদন্ত কমিটির তদন্ত শেষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

শুক্রবার এসব তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করে ঢাকা কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ কারা তত্ত্বাবধায়ক সুভাষ কুমার ঘোষ বলেন, যাদের প্রত্যাহার করা হয়েছে তারা সবাই বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) দায়িত্বরত ছিলেন।

সূত্র জানায়, দুই মাস আগে ডায়াবেটিসের সমস্যা দেখিয়ে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে রফিকুল আমিনকে বিএসএমএমইউতে ভর্তি করা হয়। পরবর্তীতে বৃহস্পতিবার গণমাধ্যমে জানানো হয়, হাসপাতালে কারাগারের অধীনে থেকেই রফিকুল আমীন জুমে ব্যবসায়িক বৈঠক করছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে এর ভিডিও ছড়িয়ে পড়ে।

এরপরই রফিকুল আমীন এই জুম বৈঠক কীভাবে করলেন, তা খতিয়ে দেখতে তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে কারা অধিদপ্তর। ঢাকা বিভাগের কারা উপমহাপরিদর্শক (ডিআইজি-প্রিজনস) তৌহিদুল ইসলামকে প্রধান করে গঠিত এই কমিটিকে সাত দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর