টাঙ্গাইল জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে ৭ জনের মৃত্যু

টাঙ্গাইল জেনারেল হাসপাতালে করোনা ইউনিটে করোনা ও উপসর্গে ৭ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় তিনজন ও উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু হয়েছে। এদিকে, জেলায় ৫২৬টি নমুনা পরীক্ষায় নতুন করে আরও ২৩৫ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪৪ দশমিক ৬৭ শতাংশ।

শুক্রবার (২ জুলাই) টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. সাহাবুদ্দিন খান বার্তা বাজারকে এ বিষয়টি নিশ্চিত করেন।

এদিকে, জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে নতুন করে ১৭ রোগী ভর্তি হয়েছে। ইউনিটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) সাতজন ও সাধারণ বেডে ৩৪ জনসহ মোট ৪১ জন ভর্তি রয়েছেন। এছাড়া জেলার বিভিন্ন হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি রয়েছে ৫০৮ করোনা রোগী।

এদিকে, কঠোর লকডাউন অমান্য করে যাতায়াতকারী যানবাহন বঙ্গবন্ধু সেতু যাতে পারাপার না হতে পারে তাই টোল আদায়ে সতর্ক থাকতে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষকে (বাসেক) অনুরোধ জানিয়েছেন টাঙ্গাইলের জেলা প্রশাসক (ডিসি) ড. আতাউল গনি।

এছাড়া জেলায় করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় লকডাউন অমান্য করে বঙ্গবন্ধু সেতু-ঢাকা মহাসড়ক দিয়ে গণপরিবহন যাতে টাঙ্গাইলে প্রবেশ করতে না পারে সেজন্য ব্যবস্থা নিতে পার্শ্ববর্তী গাজীপুর ও সিরাজগঞ্জ জেলা প্রশাসককেও অনুরোধ জানানো হয়।

হাসান সিকাদর/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর