ফের চায়না বাহিনির হামলায় কাদের মির্জার ৮ অনুসারী গুলিবিদ্ধ

নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার আট অনুসারীর ওপর রাতের আঁধারে বসতঘরে প্রবেশ করে গুলিবর্ষণের অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার (১ জুলাই) রাত ১০ টার দিকে উপজেলার চরএলাহী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডস্থ খালেক মেম্বার ও হেলাল মেম্বারের বাড়িতে আ.লীগ নেতা আবদুল গনির বসতঘরে এই ঘটনা ঘটে। এই ঘটনায় কোম্পানীগঞ্জ থানায় চেয়ারম্যান আব্দুর রাজ্জাক সহ ৪৭ জনকে আসামিকরে মামলা করা হয়।

কাদের মির্জার অনুসারী চরএলাহী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আবদুল গনি জানান, চরএলাহীর চেয়ারম্যান আবদুর রাজ্জাকের নেতৃত্বে চায়না বাহিনির অস্ত্রধারী সন্ত্রাসী রাতের অন্ধকারে তাদের বাড়িতে হামলা চালায়। এ সময় গুলিতে তাদের অন্তত আটজন মারাত্মক আহত হয়েছেন।

আহতরা হলেন- খালেক মেম্বারের ছেলে বাহার (৩০), হেলাল মেম্বারের ছেলে রুবেল (২৫), সিরাজ মিয়ার ছেলে সবুজ (৩৫), জামাল উদ্দিনের ছেলে ইউসুফ (২৮), বেলাল হোসেনের ছেলে ফিরোজ (২৩), জামাল উদ্দিনের ছেলে ইলিয়াছ (২৮), নুর মিয়ার ছেলে হেলাল মেম্বার (৪০) ও জইদর মিয়ার ছেলে সাদ্দাম (৩০)। আহত গুলিবিদ্ধদেরকে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পর উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

আবদুল গনি আরো বলেন, কোম্পানীগঞ্জের চলমান পরিস্থিতি নিয়ন্ত্রনের লক্ষে প্রশাসনের অভিযানে গত ২৫ জুন (শুক্রবার) অস্ত্রসহ র‌্যাবের হাতে আটক সন্ত্রাসীর বিরুদ্ধে সাক্ষী দেয়ায় রাজ্জাক ও শাহীনের নেতৃত্বে এ হামলা চালানো হয়েছে।

অন্যদিকে এই ঘটনার বিষয়ে চরএলাহী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুর রাজ্জাক এর মুঠোফোনে একাধিকবার ফোন করলেও তার মোবাইলে সংযোগ পাওয়া যায়নি ।

কোম্পানীগঞ্জ থানার ওসি মো. সাইফুদ্দিন আনোয়ার জানান, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ অনুযায়ী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

প্রসঙ্গত, গত ২৭জুন রবিবার সকাল ১০টা ৩০ মিনিটের সময় চরএলাহী ইউনিয়নের বাদামতলী বাজার নামক স্থানে মাসুদের দোকানের সামনে একই অভিযোগে চায়না বাহিনীর চিহ্নিত একদল সন্ত্রাসী আব্দুর রহিম নামের এক আ.লীগ কর্মিকে এলোপাথাড়ী পিটাইয়া পায়ে গুলি করে আহত করে মৃত ভাবিয়া চলে যায়। উক্ত বিষয়ে কোম্পানীগঞ্জ থানায় তার মা বাদী হয়ে ৫ জনকে আসামীকরে মামলা দায়ের করেন।

বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর