অটোরিকশা চালককে বালিশ চাপা দিয়ে হত্যার অভিযোগ

ঢাকার সাভারের আশুলিয়ায় জয়নাল আবেদিন (৬০) নামের এক বৃদ্ধকে বালিশ চাপা দিয়ে হত্যার অভিযোগ উঠেছে রুবেল (২৫) নামের এক যুবকের বিরুদ্ধে। হত্যার পর থেকে ভাড়াটিয়া রুবেল পলাতক রয়েছে।

নিহত জয়নাল আবেদিন রংপুরের পীরগাছা উপজেলার সাতভিটা এলাকার মৃত বাউরা মুনসুরের ছেলে। তিনি পরিবার নিয়ে আশুলিয়ার ভাদাইল এলাকার আব্দুল লতিফ ভান্ডারির ভাড়া বাড়িতে থেকে অটোরিকশা চালাতেন বলে জানা যায়।

শুক্রবার ভোর রাত ৪ টার দিকে আশুলিয়ার ভাদাইল এলাকার আব্দুল লতিফ ভান্ডারির ভাড়া বাড়ির একটি কক্ষ থেকে ওই বৃদ্ধের মরদেহ উদ্ধার করে পুলিশ। এর আগে বৃহস্পতিবার দুপুরের পর কোন এক সময় হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটে বলে পুলিশের ধারণা।

এব্যাপারে, নিহতের ছেলে সাইফুদ্দিন জানায়, তার বাবা একজন অটোরিকশা চালক। প্রতিদিনের মত বৃহস্পতিবার দুপুরে বাসায় খাবার খেয়ে বের হয়ে যান, এরপর থেকে আর বাসায় আসেনি। রাত অনেক হয়ে গেলেও ফিরে না আসায় সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি।

এসময় তাদের বাসার পাশে রুবেলের রুমে তালাবদ্ধ অবস্থায় দেখতে পেয়ে সন্দেহ হয়। পরে বাসার ম্যানেজারের মাধ্যমে রুবেলের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে সে তার কক্ষে ঘুমাচ্ছে জানা যায় এবং ঘরের জানালা দিয়ে দেখে খাটের নীচে তার বাবার লাশ পড়ে আছে। পরে রাত তিনটার দিকে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক হাসিব সিকদার জানান, ডিউটি অফিসারের সংবাদে ভাদাইলের ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করি। প্রথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে বালিশ চাপা দিয়ে শ্বাসরোগ করে হত্যা করা হয়েছে।

তবে বিষয়টি তদন্ত সাপেক্ষে নিশ্চিত করে বলা যাবে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকার সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এছাড়া মামলা দায়েরও প্রস্তুতি চলছে এবং পলাতক রুবেলকে আটকের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

মোঃ আল মামুন খান/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর