করোনাভাইরাসের সংক্রমণ রোধে দেশে চলমান সাতদিনের কঠোর লকডাউনের দ্বিতীয় দিন আজ শুক্রবার (২ জুলাই)। জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের হলেই শাস্তি পেতে হচ্ছে।
বিনা কারণে বাইরে বের হওয়ায় শুক্রবার (২ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত রাজধানীর মিরপুর, গাবতলী, টেকনিক্যাল, শাহ আলী, পল্লবী, কাফরুলসহ অন্যান্য থানা এলাকা থেকে ৩০ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগ।
এ তথ্য নিশ্চিত করে মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) আ স ম মাহতাব উদ্দিন বলেন, সরকার আরোপিত বিধিনিষেধের পরিপালন নিশ্চিত করতে মিরপুরের বিভিন্ন পয়েন্টে বৃষ্টি উপেক্ষা করেও সকাল থেকেই দায়িত্ব পালন করছেন পুলিশ সদস্যরা।
তিনি বলেন, একাধিক চেকপোস্ট বসিয়ে যান চলাচল নিয়ন্ত্রণে কাজ করছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ এবং সংশ্লিষ্ট থানার আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
তিনি আরও বলেন, জরুরি প্রয়োজনে যারা বের হয়েছেন তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কঠোর লকডাউনের মধ্যেও বিনা কারণে ঘর থেকে বের হওয়ায় মিরপুরের বিভিন্নস্থান থেকে ৩০ জনকে আটক করা হয়েছে।
উল্লেখ্য, লকডাউনের প্রথম দিন বৃহস্পতিবার (১ জুলাই) সকাল থেকে রাত পর্যন্ত চালানো অভিযানে ৫৫০ জনকে গ্রেফতার করা হয়। এছাড়াও জরিমানা গুনেছেন অনেকেই।
বার্তা বাজার/নব