মিয়া রাকিবুল,ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরের আলফাডাঙ্গাতে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে চলাচলের অনুপোযোগী হয়ে পড়া একটি ব্রিজ মেরামত করেছে সেভ ( সোশ্যাল এ্যাকটিভিটি’স ফর ইনভাইরোনমেন্টাল ভার্সন) নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন।এতে মানুষের দুর্ভোগ লাঘব হওয়ায় সন্তোষ প্রকাশ করেছে অনেকে।
বুধবার (২৬ জুন) দিনব্যাপী উপজেলার বেড়িরহাট হতে পার্শ্ববর্তী বোয়ালমারী উপজেলা সদরে যাতায়াতের দ্বিতীয় তম ব্রিজটি (আমিন সর্দারের দোকানের পাশে) মেরামত করে সেভ।
জানা যায়, ব্রীজটির মেরামতের অভাবে এই রাস্তায় চলাচলকারী জনসাধারণের দুর্ভোগ দির্ঘদিনের।এই রাস্তা দিয়ে চলাচলের বাহন ভ্যান গাড়ি,বাইসাইকেল, মোটরসাইকেলসহ ছোট বড় অন্যান্য যানবাহন নিয়ে চলাচল করতে মানুষ প্রায়ই দুর্ঘটনার সম্মুখীন হচ্ছেন।তারপরও জীবনের ঝুঁকি নিয়ে এ ব্রীজের উপর দিয়ে প্রতিদিন যাতায়াত করছেন হাজার হাজার মানুষ।এক সময় ভারী যানবাহন চলাচল করলেও দুই বছর যাবৎ ভারী যানবাহন চলাচল বন্ধ রয়েছে গুরত্বপূর্ণ এ সড়কটিতে। সারা দিন রাত যে সড়কটি ব্যস্ত থাকতো এখন সে সড়কে খুব বেশি ব্যস্ততা না থাকলেও ছোট ছোট যানবাহনে আশপাশের কয়েকটা গ্রামের মানুষকে প্রতিদিন স্কুল, কলেজ,হাট-বাজার, উপজেলা সদরে যেতে হয় এ ব্রীজের উপর দিয়েই। প্রতিদিন মৃত্যু ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন তারা।
কিন্তু সম্প্রতি ব্রীজটির দু’পাশের অধিকাংশ রেলিং ভেঙ্গে নিচে পড়ে গেলে এবং ব্রিজে উঠা এবং নামার জায়গায় মাটি স্বল্প হয়ে যাওয়ার কারনে বেড়ে যায় দুর্ঘটনার মাত্রা। চোখের সামনে প্রায়শই দুর্ঘটনা দেখতে দেখতে দিশেহারা এলাকার মানুষ।বিষয়টি নিয়ে স্থানীয় প্রশাসন, সংশ্লিষ্ট বিভাগ, জনপ্রতিনিধিরা যখন নিশ্চুপ তখন ব্রিজটি অন্তত চলাচলের উপযোগী করার দায়িত্ব কাঁধে তুলে নেয় তরুণদের দ্বারা সংগঠিত একটি সমাজসেবামূলক সামাজিক সংগঠন সেভ।তাদের সাধ্য অনুযায়ী স্বেচ্ছা শ্রম ও অর্থ দিয়ে চলাচলের কিছুটা উপযোগী করে তোলেন।
এবিষয়ে সেভ সংগঠনের সদস্য তারিকুল ইসলাম বলেন, ‘এই ব্রিজটি দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করে।প্রতিনিয়ত এখানে দুর্ঘটনা ঘটেই চলছে তাই একারণেই সেভের এ উদ্যোগ। আশা রাখি একাজের ফলে দুর্ঘটনা কিছুটা দূর হবে’।
সংগঠনের অপর এক সদস্য সালিমুল হক সাগর জানান, ‘সেভের এই ব্রিজ সংস্কার অবশ্যই সাময়িক দুর্ঘটনার হাত থেকে পথচারিদের রক্ষা করবে কিন্ত কর্তৃপক্ষের কাছে অনুরোধ থাকবে দ্রুত ব্রীজটির একটা স্থায়ী সমাধান’ ।