করোনাভাইরাসের ডেল্টা ভ্যারিয়েন্ট বিশ্বের ৯৬টি দেশে ছড়িয়ে পড়েছে। এ ভ্যারিয়েন্ট ভারতে রীতিমত তাণ্ডব চালিয়েছে। ভারতে করোনার দ্বিতীয় ঢেউয়ে যে ভয়াবহতা তা ডেল্টা ভ্যারিয়েন্টের জন্যই।
সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, বিশ্বে করোনার এই ভ্যারিয়েন্টটিই মারাত্মক ধরণ হয়ে দাঁড়াবে। ব্রিটেনের কেন্টে শনাক্ত হওয়া আলফা ভ্যারিয়েন্টের চেয়েও ৬০ শতাংশ বেশি সংক্রমক ডেল্টা প্লাস ভ্যারিয়েন্ট।
ইতোমধ্যে ভারতের বেশ কয়েকটি রাজ্যে ছড়িয়ে পড়েছে ডেল্টা প্লাস ভ্যারিয়েন্ট। ডেল্টা প্লাস ভ্যারিয়েন্টে সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ে। জুন মাসে এই ভ্যারিয়েন্ট নিয়ে গবেষণা চালায় স্কটল্যান্ডের এক দল গবেষক।
তাদের গবেষণা অনুযায়ী, আলফা ভ্যারিয়েন্টের তুলনায় ডেল্টার সংক্রমণ অনেক বেশি। যাদের কোনো রকম কোমর্বিডিটি রয়েছে বা যাদের বয়স বেশি তাদের ডেল্টা সংক্রমণের ঝুঁকিও বাকিদের তুলনায় বেশি।
এই গবেষণায় স্কটল্যান্ডের ১৯ হাজার ৫৪৩ জন আক্রান্ত ও ৩৭৭ হাসপাতালে ভর্তি করোনা রোগীদের নেয়া হয়েছিল। এর মধ্যে ৭৭২৩ জন রোগী ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্ত ছিলেন ও হাসপাতালে ভর্তি ৩৭৭ জনের মধ্যে ১৩৪ জন এই ভ্যারিয়েন্টে সংক্রমিত।
তবে যারা করোনার দুইটি টিকাই নিয়েছেন তাদের ডেল্টা সংক্রমণের ঝুঁকি কম, বলে জানায় এই গবেষণা। ফাইজার এবং অ্যাস্ট্রাজেনেকার টিকা ডেল্টা ভ্যারিয়েন্টের বিরুদ্ধে অনেকটাই কার্যকর বলে জানিয়েছে ‘পাবলিক হেলথ ইংল্যান্ড’।
বার্তা বাজার/নব