করোনাভাইরাসের নতুন হটস্পট এখন খুলনা। খুলনায় করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। খুলনার হাসপাতালগুলোতে চিকিৎসার জন্য নেই পর্যাপ্ত ব্যবস্থা। হাসপাতালে বেড এবং অক্সিজেনের জন্য চলছে রোগী ও স্বজনদের হাহাকার।
তবে বেড সংকট কাটাতে আরও ১১৫ শয্যা বাড়ানোর উদ্যোগ নিয়েছে খুলনার স্বাস্থ্য বিভাগ। খুলনার শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে ৪৫ শয্যার নতুন করোনা ইউনিট, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আরও ৭০ শয্যা বাড়িয়ে ২০০ শয্যায় উন্নীত করা হচ্ছে।
এদিকে খুলনার দুই হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২ জুলাই) সকাল সাড়ে ৮টা পর্যন্ত খুলনার তিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৯ জনের মৃত্যু হয়।
এদের মধ্যে খুলনা করোনা ডেডিকেট হাসপাতালে আটজন ও গাজী মেডিকেল হাসপাতালে একজনের মৃত্যু হয়েছে।
খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালের ফোকাল পার্সন ডা. সুহাস রঞ্জন হালদার জানান, হাসপাতালে গত ২৪ ঘণ্টায় আটজন মারা গেছেন। হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন ২৬ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৪ জন। হাসপাতালটিতে আজ সকাল পর্যন্ত ২০৪ জন চিকিৎসাধীন রয়েছেন।
গাজী মেডিকেল হাসপাতালের সত্ত্বাধিকারী ডা. গাজী মিজানুর রহমান বলেন, হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় একজন মারা যান। হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন ৩৫ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৬ জন। হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন ১০৯ জন।
বার্তা বাজার/নব