লকডাউন: কলেজ শিক্ষককে এসিল্যান্ডের উপস্থিতিতে বেদম মারপিট!

রাজশাহীর বাগমারায় লকডাউনের বিধিনিষেধ মানার নাম করে এক কলেজ শিক্ষককে পিটিয়ে মারাত্মকভাবে জখম করার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১ জুলাই) বিকালের উপজেললার সাঁকোয়া গ্রামে নিজ ঘরের দরজার সামনে তাকে মারধরের ঘটনাটি ঘটে।

এসময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মাহামুদুল হাসান। ভুক্তভোগী কলেজ শিক্ষক আব্দুল আজিজকে মারধরের এই ঘটনা জানাজানি হলে বিষয়টি নিয়ে ক্ষোভের সঞ্চার হয়েছে।

মারধরের শিকার আব্দুল আজিজ সাধনপুর পঙ্গু ও শিশু নিকেতন ডিগ্রি কলেজের প্রভাষক।

তিনি জানান, অসুস্থতার কারণে নিজ বাড়ির সামনে বিকালে বসেছিলাম আমি। এমন সময় এদিক দিয়ে এসিল্যান্ড মাহামুদুল হাসান তার গাড়িবহর নিয়ে যাচ্ছিলেন। গাড়ি থামিয়ে তাদের সাথে থাকা লোকজন আমাকে অতর্কিত মারধর শুরু করে। পরে আমি স্থানীয়ভাবে চিকিৎসা নেই।

বাগমারার এক আওয়ামী লীগ নেতা ঘটনাটি ফেসবুকে পোস্ট করলে তা মুহুর্তেই ভাইরাল হয়ে যায়। এ নিয়ে উপজেলার শিক্ষকদের মাঝে ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়ে।

তবে অভিযোগ অস্বীকার করে এসিল্যান্ড মাহামুদুল হাসান বলেন, এমন কোনো ঘটনা ঘটেনি। অকারণে তাকে মারধর করার মত জঘন্য কাজ করা সম্ভব না কারও পক্ষে।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর