তালায় লকডাউন উপেক্ষা করে বিয়ে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা
লকডাউনকে উপেক্ষা করে সাতক্ষীরার তালায় বিয়ের অনুষ্ঠান করায় কনের বাবাকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (১ জুলাই) রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তারিফ-উল-হাসান এ জরিমানা করেন।
জানা গেছে, উপজেলার চরগ্রামের তরুণ পালের মেয়ে লাবনী পালের সাথে যশোরের মনিরামপুর উপজেলার এক ছেলের বিয়ে ঠিক হয়।
বৃহস্পতিবার রাতে কনের পিতার বাড়ি চরগ্রামে অনুষ্ঠানের মধ্যদিয়ে সেই বিয়ে সম্পন্ন করা হচ্ছিল।
ওই সময়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে উপস্থিত হয়ে কনের পিতাকে ৩ হাজার টাকা জরিমানা করেন। এর আগে ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে বর এবং তার সাথে আসা আত্মীয়রা পালিয়ে যায়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মেহেদী রাসেলসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
শেখ শাওন আহমেদ সোহাগ/বার্তা বাজার/টি