নারায়ণগঞ্জের ফতুল্লায় পাওনা টাকা নিয়ে দ্বন্দ্বে প্রেমিকের সামনেই নিজ কর্মস্থলের ভবনে থেকে লাফিয়ে পড়ে আমেনা খাতুন (২৯) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১ জুলাই) বিকালে ফতুল্লার শাসনগাও এলাকায় অবস্থিত বিসিকে ফকির অ্যাপারেলস নামে একটি পোশাক কারখানায় এ ঘটনা ঘটে।
নিহত ওই নারীর বাড়ি নাটোরের গৌরীপুর আউডাইল গ্রামে। তার বাবার নাম হাবিব, মায়ের নাম ফিরোজা। তার প্রেমিকের নাম জুয়েল (৩৩)। সে ঢাকার কেরাণীগঞ্জ উপজেলার হাসপানাবাদ নয়াটোলা গ্রামের আলী আশরাফ গাজীর ছেলে।
ঘটনাস্থলে থাকা প্রত্যক্ষদর্শীরা জানান, আমেনা ও জুয়েল ফকির অ্যাপারেলসে একসাথে কাজ করতেন। তাদের মধ্যে প্রেমের সম্পর্ক হয়। সম্পর্কের খাতিরে আমেনার কাছ থেকে জুয়েল বিভিন্ন সময় টাকা ধার নেন। সম্প্রতি তাদের সম্পর্কে ফাটল ধরলে আমেনা তার পাওনা টাকা দাবি করে জুয়েলের কাছে।
টাকা চাওয়াকে কেন্দ্র করেই তাদের দুজনের মধ্যে কারখানার ছাদে ঝগড়া হয়। এক পর্যায়ে জুয়েলের সামনেই আমেনা ছাদ থেকে লাফ দিয়ে নিচে পড়ে যায়। মারা যায় আমেনা।
এ ঘটনায় পর কারখানার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জুয়েলকে আটক করে পুলিশে দেয়। পুলিস ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভিক্টোরিয়া জেনারেল হাসপাতাল মর্গে নিয়ে যায়।
এ বিষয়ে ফতুল্লা থানার ওসি রকিবুজ্জামান জানান, মরদেহ উদ্ধারের পাশাপাশি জুয়েল নামে একজনকে আটক করা হয়েছে। ঘটনাটি তদন্ত শেষে ব্যবস্থা নেওয়া হবে।
বার্তা বাজার/এসজে