নাটোরে উপসর্গ নিয়ে ৫ জনের মৃত্যু, শনাক্ত ২২৫; বিধিনিষেধে কঠোর অবস্থানে প্রশাসন

করোনা সংক্রমন ও মৃত্যু হার রোধে সরকার ঘোষিত ৭ দিনের কঠোর লকডাউনের প্রথম দিনে সারাদেশের ন্যায় নাটোরেও চলছে কঠোর বিধি-নিষেধ। বিধিনিষেধ বাস্তবায়নে রাস্তায় রয়েছে সেনাবাহিনী, পুলিশ ও র‌্যাব। এদিকে জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২২৫ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। একইসময় করোনা ও উপসর্গ নিয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে।

বিধি-নিষেধের প্রথমদিন বৃহস্পতিবার (১ জুলাই) সকাল থেকে বৃষ্টির কারণে রাস্তায় দেখা যায়নি মানুষ। কাঁচাপণ্য ও মুদি দোকানগুলো খোলা থাকলেও সেগুলোতে ক্রেতার সংখ্যা কম দেখা যায়।

এদিকে নাটোরের জেলা প্রশাসক (ডিসি) শামীম আহমেদ ও পুলিশ সুপার (এসপি) লিটন কুমার সাহা বৃষ্টির মধ্যেই সরেজমিনে পরিস্থিতি ঘুরে দেখেন ও এসময় তারা জরুরি প্রয়োজন ছাড়া কাউকে বাইরে বেরনা হতে অনুরোধ জানান।

গত ২৪ ঘণ্টায় নাটোরে করোনা ও উপসর্গ নিয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে দুইজন করোনায় এবং তিনজন উপসর্গ নিয়ে মারা গেছেন। মৃতদের মধ্যে করোনায় আক্রান্ত হয়ে নলডাঙ্গার সোনাপাতিল গ্রামের আব্দুস সালাম (৫০) ও সিংড়ার গুলনাহার (৩৮) এবং করোনা উপসর্গে বাগাতিপাড়ার আব্দুস সাত্তার (৬০), নাটোর শহরের কান্দিভিটা এলাকার বৃদ্ধা আনোয়ারা (৭০) ও রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে অপর একজন মারা গেছেন।

এছাড়া জেলায় গত ২৪ ঘণ্টায় ৬৯৫ জনের নমুনা পরীক্ষায় ২২৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। নাটোরের সিভিল সার্জন ডা. কাজী মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

উল্লেখ্য, করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে বৃহস্পতিবার সকাল ৬টা থেকে শুরু হয়েছে দেশব্যাপী সাতদিনের কঠোর বিধিনিষেধ। এর আগে কঠোর বিধিনিষেধ আরোপ করে বুধবার (৩০ জুন) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। সংক্রমণের বর্তমান পরিস্থিতি বিবেচনায় ২১টি শর্ত যুক্ত করে এ বিধিনিষেধ আরোপিত হয়েছে বলে মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনে জানানো হয়।

সাকলাইন শুভ/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর