টিকটক ভিডিও করে ভাইরাল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (ভিডিওসহ)
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) প্রক্টর হাসিবুর রহমানের একটি টিকটক ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভিডিওটিতে এক নারী সহশিল্পীর সাথে রোমান্টিক গানে তাকে অভিনয় করতে দেখা যায়। দায়িত্বশীল একজন ব্যক্তির এমন কাজে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে।
জানা যায়, ড. হাসিবুর রহমান বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক। সোমবার (২৮ জুন) প্রক্টর হিসেবে ড. প্রীতম দাসের মেয়াদ শেষ হওয়ায় নিয়োগ পান তিনি। বৃহস্পতিবার (১ জুলাই) দায়িত্ব গ্রহণের আগেই তার ভিডিওটি ভাইরাল হয়।
ফেসবুকেত বিভিন্ন গ্রুপ থেকে ভাইরাল হওয়া ভিডিওটি নিয়ে বিব্রতকর অবস্থায় পড়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আনঅফিসিয়াল গ্রুপ থেকে ড. হাসিবুর রহমানকে ‘টিকটক প্রক্টর’ আখ্যা দিয়ে চলছে সমালোচনা।
এ বিষয়ে নাম গোপন রাখার শর্তে পাবিপ্রবির এক শিক্ষক জানান, সহকর্মীর এমন একটি ভিডিও ছড়িয়ে পড়ায় আমরা চরম বিব্রত। কাণ্ডজ্ঞানহীন আচরণ করেছেন তিনি। লজ্জায় কোনো কথা বলতে পারছি না। অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সহকর্মীরাও ভিডিও মেসেজ করে হাসাহাসি করছেন।
তবে বিষয়টাকে ব্যক্তিগত আখ্যা দিয়ে পাবিপ্রবির প্রক্টর অধ্যাপক হাসিবুর রহমান বলেন, এটি আমার ব্যক্তিগত বিষয়। এসব নিয়ে নিউজ করার কিছু নেই। টিকটক ভিডিওটি নিজেই তৈরি করেছি এবং ফেসবুকে পোস্ট করেছি। এটি অন্যভাবে নেওয়ার কিছুই নেই।
বার্তা বাজার/এসজে