মুহুরী, খোয়াই ও কংস- এই তিন নদীর পানি প্রবাহিত হচ্ছে বিপৎসীমার ওপর দিয়ে। বিরামহীন ভারি বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা ঢলে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড। আগামী তিন দিনের মধ্যে দেশের উত্তর-পূর্বাঞ্চলে সিলেটের বিভিন্ন এলাকা ও দক্ষিণ-পূর্বাঞ্চলে চট্টগ্রামের পার্বত্য এলাকায় বন্যা দেখা দিতে পারে।
বৃহস্পতিবার (১ জুলাই) বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের দেশের নদ-নদীর পরিস্থিতি ও পূর্বাভাস প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়, ব্রহ্মপুত্র, যমুনা ও পদ্মার পানি বাড়ছে, যা আগামী ৭২ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। গঙ্গা নদীর পানি কমছে, যা আগামী ২৪ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে।
এতে আরও বলা হয়, দেশের উত্তর-পূর্বাঞ্চলের আপার মেঘনা অববাহিকার প্রধান নদ-নদীগুলোর পানি বাড়ছে। এই পানি বৃদ্ধির ধারা আগামী ৭২ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে।
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী মো. আরিফুজ্জামান ভূঁইয়া বলেন, ‘বাংলাদেশ আবহাওয়া অধিদফতর ও ভারত আবহাওয়া অধিদফতরের গাণিতিক মডেলের তথ্য অনুযায়ী, আগামী ৭২ ঘণ্টায় দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল, দক্ষিণ-পূর্বাঞ্চল এবং কাছাকাছি ভারতের হিমালয় পাদদেশীয় পশ্চিমবঙ্গ, সিকিম, আসাম, মেঘালয় ও ত্রিপুরা প্রদেশে ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস আছে।’
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র থেকে জানা গেছে, মুহুরী নদীর পানি ফেনীর পরশুরাম পয়েন্টে বিপৎসীমার ১১০ সেন্টিমিটার, খোয়াই নদীর পারি বাল্লা পয়েন্টে ৮০ সেন্টিমিটার এবং কংস নদীর পানি জারিয়াঞ্জাইল পয়েন্টে বিপৎসীমার ২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
বার্তাবাজার/ই.এইচ.এম