ঢাকা-১৪ ও কুমিল্লা-৫ সংসদীয় আসন থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করা দুই সংসদ সদস্য শপথগ্রহণ করেছেন। তারা হলেন ঢাকা-১৪ আসনের আগা খান মিন্টু ও কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য আবুল হাসেম খান।
বৃহস্পতিবার (১ জুলাই ) জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে তাদের শপথবাক্য পাঠ করান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। শপথগ্রহণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান।
শপথগ্রহণকালে উপস্থিত ছিলেন, সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, হুইপ ইকবালুর রহিম এবং হুইপ সামশুল হক চৌধুরী। শপথ গ্রহণ শেষে আগা খান মিন্টু এবং আবুল হাসেম খান রীতি অনুযায়ী শপথ বইয়ে সই করেন। চলমান একাদশ জাতীয় সংসদের উপ-নির্বাচনে আওয়ামী লীগের দলীয় এই দুই প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
প্রসঙ্গত, আওয়ামী লীগের দলীয় এমপি আসলামুল হকের মৃত্যু শূন্য ঘোষিত হয় ঢাকা-১৪ আসনটি। এছাড়া কুমিল্লা-৫ আসনটি শুন্য হয় সাবেক সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট আব্দুল মতিন খসরুর মৃত্যুতে।
বার্তা বাজার/এসজে