চলমান কঠোর বিধিনিষেধের প্রথম দিনে সরকার ঘোষিত নির্দেশনা অমান্য করে বাইরে বের হওয়ার ফলে ৭৫৫ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
বৃহস্পতিবার (১ জুলাই) কঠোর বিধিনিষেধের প্রথমদিনের অভিযানে এসব ব্যক্তিদের আটক করে ডিএমপির ৮টি বিভাগ।
এ তথ্য নিশ্চিত করেছে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলাম।
তিনি জানান, সরকার ঘোষিত কঠোর বিধিনিষেধ মানাতে সারাদিন চেকপোস্ট, টহল ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। সারাদিনে বিনা কারণে ঘর থেকে বের হয়ে পুলিশের হাতে আটক হয়েছেন ৪৯৭ জন। এছাড়া বিধিনিষেধ অমান্যের দায়ে আরও ২৫৮ জনকে নিয়মিত মামলায় গ্রেফতার করা হয়েছে।
উল্লেখ্য, করোনা ভাইরাসের উর্ধ্বগতি রোধে সরকার কতৃক সাতদিনের কঠোর বিধিনিষেধ ঘোষণা করা হয়। যা আজ পহেলা জুলাই থেকে কার্যকর শুরু হয়েছে। এ সাতদিনে কঠোর বিধিনিষেধ মানাতে মাঠ পর্যায়ে সেনাবাহিনী,পুলিশ এবং বিজিবি মোতায়েন করা হয়েছে। এছাড়াও ভ্রাম্যমাণ আদালত রয়েছে।
বার্তাবাজার/ই.এইচ.এম