ভূমধ্যসাগরে নৌকা ডুবে ইমন মোল্লা (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৫ জুন) রাতে অবৈধ পথে লিবিয়া থেকে ইতালি যাওয়ার সময় এ দূর্ঘটনা ঘটে। ইমন মাদারীপুরের রাজৈর উপজেলার ইশিবপুর ইউনিয়নের শাখারপাড় গ্রামের সোবাহানা মোল্লার ছেলে। এ খবর রোববার (২৭ জুন) শোনার পর থেকেই হাসপাতালে ভর্তি রয়েছে নিহতের মা।
পারিবারিক সূত্রে জানা যায়, ইতালি যাওয়ার জন্য দীর্ঘদিন যাবত বায়না করতে থাকে ইমন। পরে তাকে পাঠানোর উদ্দেশ্যে বেশির ভাগ জমিজমা বিক্রি করে দেন পরিবারের লোকজন। এরপর দালাল রুবেল খানের কাছে জমা দেওয়া হয় ৭ লক্ষ ৫০ হাজার টাকা। গত ৩ মাস ইমনকে লিবিয়া নিয়ে রাখার পরে ইতালি যাওয়ার জন্য গেম দেন। এর দুইদিন পর ভূমধ্যসাগরের মাঝে ইমন মারা গেছে বলে জানতে পারে পরিবারের লোকজন।
এ খবর শোনার পর থেকেই ইমনের মা অজ্ঞান হয়ে যায়। পরে তাকে টেকেরহাট ইউ এস মডেল হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার তার অবস্থা আশঙ্কাজনক হলে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে ইমনের মৃত্যুর সঠিক কারণটি পরিবারের কেউই জানতে পারেননি।
নিহতের বড় ভাই সোহান মোল্লা জানায়, বিদেশ যাওয়ার জন্য ইমন একাই দালালের সাথে যোগাযোগ করেছিল। তবে আমার ভাই দালালের সাথে আমাদের ফোনে কথা বলিয়ে দিয়েছে। এখন আর একথা বলে কি লাভ? দালাল তো আর টাকা ফেরত দেবে না। আমরা শুধু চাই, সরকার যেন আমার ভাইয়ের লাশটা দেশে আনার ব্যবস্থা করে দেন।
নিহতের ভাবি জোসনা বেগম জানান, জমিজমা সব কিছু বিক্রি করে ইমনকে বিদেশে পাঠানো হয়েছিল। আমাদের সরকারের কাছে দাবি, ইমনের লাশটা যেনো অন্তত বাংলাদেশে এনে দেয়।
রাজৈর থানার ওসি মো. শেখ সাদিক বলেন, আমি ঘটনা শোনার সাথে সাথে তাদের বাড়ি গিয়েছি এবং তারা যে প্রাইভেট হসপিটালে ভর্তি আছে সে হসপিটালেও গিয়েছি। তারা অসুস্থ থাকায় কেউ আমার সাথে কথা বলেনি। তবে তারা আগে সুস্থ হোক। তারপর অবশ্যই আমি আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।
আকাশ আহম্মেদ সোহেল/বার্তা বাজার/টি