পরিবার, দেশ ও নিজের স্বার্থে বিধিনিষেধ মেনে চলুন: তথ্যমন্ত্রী
নিজের স্বার্থে, পরিবারের স্বার্থে এবং দেশের স্বার্থে সরকার ঘোষিত বিধিনিষেধ মেনে চলতে বিনীত অনুরোধ জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।
তিনি বলেন, করোনার সংক্রমণ থেকে দেশবাসীকে রক্ষার জন্য, জনগণের স্বার্থে স্বাস্থ্য সুরক্ষায় সরকার লকডাউন ঘোষণা করেছে। তাই নিজের স্বার্থে, নিজের পরিবারের স্বার্থে এবং দেশের স্বার্থে সরকার যে নির্দেশনা দিয়েছে, তা পালন করার জন্য দেশবাসীকে বিনীতভাবে অনুরোধ জানাই।
বৃহস্পতিবার (১ জুলাই) রাজধানীর মিন্টো রোডে নিজের বাসভবনে সমসাময়িক বিষয় নিয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তথ্যমন্ত্রী।
ড. হাছান মাহমুদ বলেন, করোনার নতুন ভ্যারিয়েন্টটি অন্য ভ্যারিয়েন্টের তুলনায় বেশি শক্তিশালী। নতুন ভ্যারিয়েন্টে একজন থেকে বহু লোক আক্রান্ত হতে পারে। যখন করোনায় একজন আক্রান্ত হয় তখন পরিবারের অন্য সদস্যরাও আক্রান্ত হতে পারে এবং হয়।
তিনি আরও বলেন, সরকার কখনো লকডাউন দীর্ঘায়িত করতে চায় না। জনগণের স্বাস্থ্য সুরক্ষার জন্যই লকডাউন দিতে হয়েছে। যদি সবাই স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে চলেন তাহলেই কেবল করোনা নিয়ন্ত্রণ করা সম্ভব।
এছাড়া লকডাউনের কারণে না খাওয়া মানুষের দিকে অতীতের মতো মানবতার হাত বাড়িয়ে দিতে দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তথ্যমন্ত্রী।
বার্তা বাজার/নব