খালেদা জিয়া কোনো অপরাধই করেননি, ক্ষমা চাওয়ার প্রশ্নই আসে না

খালেদা জিয়া বিদেশে চিকিৎসার জন্য যেতে চাইলে দোষ স্বীকার করে রাষ্ট্রপতি অথবা সরকারের কাছে ক্ষমা চাইতে হবে বলে জানিয়েছিলেন আইনমন্ত্রী ব্যারিস্টার আনিসুল হক।

বুধবার জাতীয় সংসদে খালেদা জিয়ার বিদেশে যাওয়া প্রসঙ্গে এ কথা বলেছিলেন তিনি। এবার আইনমন্ত্রীর বক্তব্যের জবাবে বিএনপি জানিয়েছে, খালেদা জিয়া অপরাধই করেননি, তার ক্ষমা চাওয়ার প্রশ্নই আসে না।

বৃহস্পতিবার (১ জুলাই) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন দলের সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

তিনি বলেন, খালেদা জিয়া কোনো অপরাধি করেননি। তার ক্ষমা চাওয়ার কোনো প্রশ্নই আসে না। আমরা সরকারকে ছলচাতুরী ও রাজনৈতিক প্রতিহিংসা পরিহার করে দেশনেত্রী খালেদা জিয়াকে মুক্তি দিয়ে উন্নতি চিকিৎসার জন্য তার বিদেশে যাওয়ার ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি না করতে আবারও আহ্বান জানাচ্ছি।

আইনমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ জানিয়ে সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, আইনমন্ত্রীর বক্তব্যের মাধ্যমে ফ্যাসিবাদী সরকারের হীনরাজনৈতিক উদ্দেশ্যের প্রতিফলন ঘটেছে, যা ভ্রষ্টাচার ছাড়া কিছুই নয়। কর্তৃত্ববাদী সরকার যখন যেটি মনে করে, তখন তা জনগণের ওপর চাপিয়ে দেয় এবং জনগণকে বিভ্রান্ত করার অপচেষ্টা চালায়। বেগম খালেদা জিয়ার ক্ষেত্রেও তাই ঘটছে।

তিনি বলেন, খালেদা জিয়াকে সরকার ভয় পায়। তারা জনপ্রিয়তা ও নেতৃত্বকে ভয় পায় সরকার। এ কারণেই তারা ফরমায়েশী রায়ের ওপর ভিত্তি করে অন্যায়ভাবে খালেদা জিয়াকে আটকে রেখে রাজনীতি ও নির্বাচন থেকে দূরে সরিয়ে রাখতে চায় এবং তার সুচিকিৎসার পথে বাধা সৃষ্টি করে তাকে মৃত্যুর দিকে ঠেলে দিতে চায়।

তিনি আরও বলেন, খালেদা জিয়ার কিছু হলে এর দায়ভার সরকারকেই নিতে হবে। জোর করে ক্ষমতা দখল করা সরকারের মন্ত্রীরা আইনের অপব্যাখ্যা দিয়ে নিজেদের রাজনৈতিক ফায়দা হাসিল করতে চায়। তারা বিরোধী দল ও জনগণকে নেতৃত্বশূন্য করার ষড়যন্ত্র করছে। দেশের জনগণ এটা বরদাশত করবে না।

বার্তা বাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর