করোনাভাইরাসের সংক্রমণ রোধে ঘরে ঘরে সতর্কতার দুর্গ গড়ে তুলতে হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি বলেন, এ আঁধার কেটে সুদিন আসবে। তবে ঘরে ঘরে সতর্কতার দুর্গ গড়ে তুলতে হবে। যে কোনো সঙ্কট উত্তরণে প্রয়োজন ধৈর্য্যসহকারে ঐক্যবদ্ধ থাকা। ঐক্যের মন্ত্রে উজ্জীবিত হয়ে স্বাস্থ্য সচেতনতার মধ্য দিয়ে করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলা করতে হবে।
বৃহস্পতিবার (১ জুলাই) ওবায়দুল কাদের তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংকালে এ কথা বলেন।
তিনি বলেন, দেশে নানা দুর্যোগে এবং সঙ্কটে প্রধানমন্ত্রী দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিয়ে আসছেন। তার সিদ্ধান্ত জনগণের কল্যাণে নিবেদিত। অতীতে আমরা জাতি হিসেবে অনেক কঠিন সময় অতিক্রম করেছি। শেখ হাসিনার মানবিক ও দক্ষ নেতৃত্বে এ কঠিন পরীক্ষায়ও উত্তীর্ণ হবো ইনশাআল্লাহ।
অসহায়-কর্মহীন মানুষের জন্য সরকারের উদ্যোগের পাশাপাশি বেসরকারি ও স্বেচ্ছাসেবী সংস্থা এবং সামর্থ্যবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ওবায়দুল কাদের।
জীবনের সুরক্ষার অনিবার্য প্রয়োজনেই এ লকডাউন উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, কোনো অসহায় মানুষ যেন কষ্ট না পায়, না খেয়ে থাকে, এজন্য শেখ হাসিনার সরকার যথাযথ পদক্ষেপ নিয়েছে।
নেতাকর্মীদের উদ্দেশ্যে ওবায়দুল কাদের বলেন, প্রয়োজনে ঘরে ঘরে গিয়ে ত্রাণ সামগ্রী পৌঁছে দিতে হবে। শতভাগ মাস্ক পরিধান নিশ্চিত করতে ক্যাম্পেইনের মাধ্যমে মানুষকে সচেতন করতে হবে।
দলমত নির্বিশেষে সবাইকে করোনা মোকাবিলা করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
বার্তা বাজার/নব