টাঙ্গাইলে করোনায় একদিনে মৃত্যু ১৬

টাঙ্গাইলে হঠাৎ করে একদিনেই করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যার রেকর্ড ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৭ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। একই দিনে করোনা উপসর্গ নিয়ে আরো ৯ জন ব্যক্তি মৃত্যুবরণ করেছেন।

বৃহস্পতিবার (১ জুলাই) দুপুরে টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. সাহাব উদ্দিন খান বার্তা বাজারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

টাঙ্গাইল জেনারেল হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে ৭ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনা ওয়ার্ডের আইসিইউতে ৪ জন, করোনা ইউনিটিতে ৩ জনের মৃত্যৃ হয়েছে। এছাড়া করোনা ওয়ার্ডে ভর্তি হওয়া আরো ৯ জন করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন। এছাড়া হাসপাতালটিতে করোনায় আক্রান্ত হয়ে ৩১ জন এবং উপসর্গ নিয়ে আরো ৬০ রোগী করোনা ইউনিটে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।

টাঙ্গাইল জেনারেল হাসপাতালে করোনা ওয়ার্ডে ভর্তি হওয়া রোগীর স্বজনদের অভিযোগ, করোনা ওয়ার্ডে পর্যাপ্ত চিকিৎসাসেবা পাচ্ছে না। এছাড়া আইসিইউতে গ্যাসের সমস্যা রয়েছে। পর্যাপ্ত সিটের ব্যবস্থা না থাকায় মেঝেতে বসে চিকিৎসা নিতে হচ্ছে।

সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. সাহাব উদ্দিন বলেন, জেলায় গত ২৪ ঘন্টায় ৬২৮ জনের শরীরের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ২৫৭ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এতে জেলায় করোনা সংক্রমণের হার ৪০.৯২ শতাংশ। এছাড়া জেলায় চিকিৎসাধীন অবস্থায় ৭ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। এছাড়া উপসর্গ নিয়ে আরো ৯ জনের মৃত্যু হয়েছে। মৃতের অধিকাংশের বাড়ি টাঙ্গাইল সদরে। জেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে ১১৫ জন। জেলায় এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৭৯৬৪ জন। সুস্থ হয়েছেন ৪৬৮৫ জন। হাসপাতালে মোট ভর্তি রোগীর সংখ্যা ৬৯০ জন। মোট কোয়ারেন্টিন থেকে ছাড়পত্র পেয়েছেন ২৫৫০৪ জন।

তিনি আরো বলেন, করোনায় আক্রান্ত ব্যক্তিরা শেষ মুহুর্তে এসে হাসপাতালে গিয়ে ভর্তি হয়। এ কারণে মৃত্যুর সংখ্যা বাড়ছে।

হাসান সিকদার/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর