করোনার সংক্রমণ রোধে দেশে বৃহস্পতিবার (১ জুলাই) ভোর ৬টা থেকে সাতদিনের লকডাউন শুরু হয়েছে। লকডাউন বাস্তবায়নে মাঠে রয়েছে সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, র্যাব, কোস্টগার্ড ও আনসার সদস্যরা।
এছাড়াও মাঠে রয়েছে ভ্রাম্যমান আদালত। এ সময় অপ্রয়োজনে বাইরে বের হলেই গ্রেফতার করা হবে ও জরিমানা গুণতে হবে। বিনা কারণে বের হওয়ায় রাজধানী ঢাকার রমনা, মোহাম্মদপুর, শাহবাগ ও মিরপুর এলাকা থেকে ১৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
রমনা বিভাগের পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার হারুন অর রশীদ জানান, অহেতুক ঘোরাফেরা করায় সকালে রমনা থানার সুগন্ধা মোড় থেকে দুজন এবং শাহবাগ মোড় থেকে দুজনকে গ্রেফতার করা হয়েছে।
মোহাম্মদপুর জোনের সহকারী কমিশনার মাহিন ফারাজী জানান, অপ্রয়োজনীয় চলাফেরার অভিযোগে এখন পর্যন্ত ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে রায়েরবাজার থেকে সাতজন এবং তিন রাস্তার মোড় থেকে তিনজনকে গ্রেফতার করা হয়।
এদিকে মিরপুর ১৪ নম্বর এলাকায় বিনা কারণে বাইরে বের হওয়ায় ৫ জনকে ৩শ’ টাকা করে জরিমানা করা হয়েছে। জরিমানার টাকা দিতে না পারায় ৩ জনকে গ্রেফতার করা হয়।
বার্তা বাজার/নব