দেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় বৃহস্পতিবার (১ জুলাই) ভোর ৬টা থেকে সাতদিনের লকডাউন শুরু হয়েছে। লকডাউনে বেশ কয়েকটি বিধিনিষেধ মেনে চলতে হবে।
লকডাউন বাস্তবায়নে মাঠে রয়েছে সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, র্যাব, কোস্টগার্ড ও আনসার সদস্যরা। তাদের সঙ্গে রয়েছে ভ্রাম্যমান আদালতও। এ সময় অপ্রয়োজনে বাইরে বের হলেই গ্রেফতার করা হবে ও জরিমানা গুণতে হবে।
এদিকে বিনা কারণে বের হওয়ায় রাজধানী ঢাকার শাহবাগ ও মিরপুরে ১৭ জনকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা ও ৩ জনকে আটক করার তথ্য পাওয়া গেছে।
রাজধানীর শাহবাগ মোড়ে র্যাব-৩ ভ্রাম্যমাণ আদালত বসিয়ে প্রত্যেক যাত্রী ও পথচারীদের থামিয়ে জিজ্ঞাসাবাদ করছে। তাদের মধ্যে কেউ যদি যৌক্তিক কারণে দেখাতে না পারে তাহলে তাদেরকে জরিমানা করা হচ্ছে।
এছাড়াও যারা মাস্ক ছাড়া বের হয়েছেন তাদেরকেও জরিমানা করা হয়েছে। বিনা কারণে এবং মাস্ক ছাড়া বের হওয়ায় দুই পথচারীকে দুইশত থেকে সাতশ’ টাকা পর্যন্ত জরিমানা করা হয়েছে। তারা হলেন- রুবেল মিয়া ও সোহেল রানা।
এ বিষয়ে র্যাব-৩ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু বলেন, সবার উচিত বিধিনিষেধ মেনে চলা। সরকার যে বিধিনিষেধ আরোপ করেছে আমরা যদি সেগুলো মেনে চলি আশা করি করোনা সংক্রমণ কমে আসবে।
তিনি বলেন, যারা কোন নির্দিষ্ট জবাব দিতে পারছেন না তাদেরকে আইনের আওতায় আনা হচ্ছে। আমি বারবারই সবাইকে বলছি সরকার নিদের্শনা যেটা দিয়েছে সেটা মেনে চলতে হবে। সেটা না মানলে আরও কঠোরভাবে আইন প্রয়োগ করা হবে, এই ব্যাপারে কাউকে ছাড় দেওয়া হবে না।
এদিকে মিরপুর ১৪ নম্বর এলাকায় বিনা কারণে বাইরে বের হওয়ায় ৫ জনকে ৩শ’ টাকা করে জরিমানা করা হয়েছে। জরিমানার টাকা দিতে না পারায় ৩ জনকে আটক করা হয়।
বার্তা বাজার/নব