অক্সিজেন সংকটে ৭ জনসহ ১৪ জনের মৃত্যু

সাতক্ষীরায় করোনাভাইরাসের সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় সাতক্ষীরায় ১৪ জনের মৃত্যু হয়েছে। জেলায় একদিনে সর্বোচ্চ মৃত্যু এটি।

বৃহস্পতিবার (১ জুলাই) সকাল পর্যন্ত সাতক্ষীরা মেডিকেল কলেজ ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৪ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে অক্সিজেন সংকটে মারা গেছেন ৮ জন। চারজন করোনায় আক্রান্ত ছিলেন ও চারজন উপসর্গ নিয়ে মারা গেছেন।

বুধবার বিকেলে সাতক্ষীরা মেডিকেলে সেন্ট্রাল অক্সিজেনের প্রেসার কমে আসতে থাকে। এর পরপরই আইসিইউতে দুইজন, সিসিইউতে দুইজন এবং সাধারণ ওয়ার্ডে আরও চারজনসহ আটজন মারা যান।

রোগীদের স্বজনদের অভিযোগ- হাসপাতালে অক্সিজেন সংকট দেখা দিলেও তা পূরণ করতে কর্তৃপক্ষের গাফিলতিতে এসব রোগী মারা গেছেন। রাত ৮টার দিকে সেন্ট্রাল অক্সিজেন সরবরাহ স্বাভাবিক হয়।

এর আগে বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আরও সাতজনের মৃত্যু হয়। তাদের মধ্যে দুইজন করোনায় আক্রান্ত ছিলেন ও পাঁচজন করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন।

এদিকে সাতক্ষীরার সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়েত জানিয়েছেন, সেন্ট্রাল অক্সিজেনে প্রেসার কমে গেলেও অক্সিজেন সংকটে কেউ মারা যায়নি। এ সময় করোনায় আক্রান্ত চারজনের অবস্থা খুবই সংকটজনক ছিল বলে দাবি করেন তিনি।

সাতক্ষীরা মেডিকেলে ৭৬টি বড় আকারের অক্সিজেন সিলিন্ডার রয়েছে। সংকট দেখা দিলেই তা স্বয়ংক্রিয়ভাবে অক্সিজেন সরবরাহ করে থাকে বলে জানিয়েছেন তিনি।

হাসপাতালটিতে বৃহস্পতিবার সকাল পর্যন্ত ২৭৫ জন রোগী ভর্তি আছেন। এদের মধ্যে করোনায় আক্রান্ত হয়ে ২৬ জন ও বাকিরা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি আছেন।

মীর খায়রুল আলম/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর