করোনাভাইরাসের সংক্রমণ রোধে সারাদেশে বৃহস্পতিবার (১ জুলাই) ভোর ৬টা থেকে সাতদিনের কঠোর লকডাউন চলছে। আগামী ৭ জুলাই রাত ১২টা পর্যন্ত চলবে এই লকডাউন।
লকডাউন বাস্তবায়নে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী সারাদেশে মোতায়েন করা হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য। বৃহস্পতিবার সকাল থেকে রাজধানীসহ সারাদেশে ২০০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
বৃহস্পতিবার (১ জুলাই) এ তথ্য জানিয়েছেন বিজিবির পরিচালক অপারেশন লে. কর্নেল ফয়জুর রহমান।
তিনি বলেন, রাজধানী ঢাকাসহ সারাদেশে জেলা প্রশাসনের চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় সংখ্যক বিজিবি মোতায়েন করা হয়েছে। এখনো অনেক জেলায় জেলা প্রশাসনের চাহিদা রয়েছে। সে অনুযায়ী প্রস্তুতি রয়েছে বিজিবির।
সর্বশেষ বেলা ১১টার তথ্যানুযায়ী সারাদেশে ২০০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। বিজিবি সদস্যরা জেলা প্রশাসনের চাহিদা ও অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করছেন।
বার্তা বাজার/নব