নরসিংদীর রায়পুরার কাচারীকান্দি গ্রামে সংঘর্ষের ঘটনায় বাড়ি থেকে তুলে নিয়ে হত্যার শিকার তরুণী আফসানা আক্তার (১৬) ঘটনায় ৪১ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন তার বাবা। মঙ্গলবার (২৯ জুন) দিবাগত রাতে এই মামলা দায়ের করা হয়।
এই মামলায় বৃহস্পতিবার (৩০ জুন) এই রিপোর্ট লেখা পর্যন্ত ৩ জনকে গ্রেফতার দেখানো হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন রায়পুরা থানার উপ পরিদর্শক দেব দুলাল দে।
নিহত আফসানার পিতা নান্নু মিয়া বাদী হয়ে হত্যা মামলাটি দায়ের করেন। এর আগে গত ২৭ জুন রাতে দুই পক্ষের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উপজেলার পাড়াতলি ইউনিয়নের কাচারিকান্দী গ্রামে বাড়িঘর ভাংচুর ও অগ্নিসংযোগের সময় আফছানা আক্তার (১৬) নিহত হয়।
পুলিশ ও এলাকাবাসী জানায়, দীর্ঘদিন ধরে এলাকায় স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পাড়াতলী ইউনিয়ন পরিষদের সদস্য শাহ আলমের সঙ্গে সাবেক ইউপি সদস্য ফজলুল হকের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছিল। দুই পক্ষের বিরোধের জের ধরে রোববার (২৭ জুন) দিবাগত রাতে বর্তমান ইউপি সদস্য শাহ-আলম মেম্বারের সমর্থকদের বাড়িঘরে ব্যাপক ভাংচুর ও আগুন দেয়া হয়। এসময় প্রায় ২০টি বাড়িঘরে ভাংচুর ও অগ্নিসংযোগ চালানো হয়। এই ঘটনার পর রাতেই আফসানা আক্তার (১৬) নামে এক কিশোরীর লাশ উদ্ধার করে পুলিশ। পরিবারের অভিযোগ প্রতিপক্ষ সাবেক ইউপি সদস্য ফজলুল হকের লোকজন ওই কিশোরীকে তুলে নিয়ে হত্যা করেছে।
রায়পুরা থানার উপ পরিদর্শক দেব দুলাল দে বলেন, মঙ্গলবার (২৯ জুন) দিবাগত রাতে নিহতের পিতা বাদী হয়ে হত্যা মামলাটি করেন। মামলায় প্রধান আসামি করা হয়েছে কাচারীকান্দি গ্রামের অলফত আলীকে। এ মামলায় ৩ জনকে গ্রেফতার দেখানো হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
একে এম রেজাউল করিম/বার্তাবাজার/পি