সরাইলে প্রতিপক্ষের হামলায় নিহত ১

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে প্রতিপক্ষের হামলায় আবদুল কাদির (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

বুধবার(৩০ জুন) রাতে উপজেলার পানিশ্বর ইউনিয়নের সোলাবাড়ি গ্রামে এ হামলার ঘটনা ঘটে। আবদুল কাদির ওই গ্রামের মৃত বজলুর রহমানের ছেলে।

নিহতের স্বজনরা অভিযোগ করেন, দুই বছর আগে ইরাক যাওয়ার জন্য সোলাবাড়ি গ্রামের বাসিন্দা রমজান মিয়ার কাছে সাড়ে তিন লাখ টাকা দেন কাদির। ইরাকে যাওয়ার পর ৯ দিন জেল খেটে দেশে ফিরে আসেন তিনি। বিষয়টি নিয়ে এলাকায় সালিস বৈঠকও হয়। এ নিয়ে দুই জনের মধ্যে বিরোধ চলে আসছিল। বিষয়টি নিয়ে বুধবার সন্ধ্যায় মলাই মিয়া সরদারের সঙ্গে দেখা করতে যান কাদির। সেখান থেকে বাড়ি ফেরার পথে কাদিরের ওপর রমজানের লোকজন হামলা চালালে সে গুরুতর আহত হয়।

পরে তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আসলাম হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন শেষে বিষয়টির তদন্ত করছে। অভিযোগ স্বাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে। মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

মোঃ রাসেল আহমেদ/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর