রাজশাহীতে করোনায় মৃত্যুর সারি দিনকে দিন দীর্ঘ হচ্ছে। করোনায় আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে আরও ২২ জনের মৃত্যু হয়েছে।
বুধবার (৩০ জুন) সকাল ৮টা থেকে বৃহস্পতিবার (১ জুলাই) সকাল ৮টা পর্যন্ত রামেক হাসপাতালের করোনা ইউনিটে ২২ জনের মৃত্যু হয়। এদের মধ্যে করোনায় আক্রান্ত হয়ে পাঁচজন ও উপসর্গ নিয়ে ১৭ জন মারা গেছেন।
বৃহস্পতিবার (১ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেন রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী।
তিনি বলেন, গত ২৪ মৃতদের মধ্যে সর্বোচ্চ ১৪ জন রাজশাহীর। এছাড়াও নওগাঁর পাঁচজন, চাঁপাইনবাবগঞ্জের একজন, নাটোরের একজন ও ঝিনাইদহের একজন রয়েছেন। এর মধ্যে করোনা আক্রান্ত হয়ে রাজশাহীর তিনজন, নওগাঁর একজন ও ঝিনাইদহের একজন মারা গেছেন।
অন্যদিকে করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়া ১৭ জনের মধ্যে রাজশাহীর ১১ জন, চাঁপাইনবাবগঞ্জের একজন, নওগাঁর একজন ও নাটোরের একজন রয়েছেন।
রামেক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বলেন, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন ৬৬ জন। বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত এ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি ছিলেন সর্বোচ্চ ৪৬২ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪৬ জন।
বার্তা বাজার/নব