সন্ত্রাসীদের নিরাপদ গোডাউন মসজিদের ছাদ, বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার

নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি মসজিদের ছাদে অভিযান চালিয়ে চাপাতি, রামদা, সামুরাই, চাইনিজ কুড়াল ও ছুড়িসহ অন্তর ১১০টি দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৩০ জুন) বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রূপগঞ্জের কাঞ্চন পৌরসভার কেন্দুয়া মসজিদের হেফজখানায় নির্মাণাধীন দোতলা ভবনের ছাদ থেকে এগুলো উদ্ধার করা হয়।

এ ঘটনায় কাউসার (২৪) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সে উপজেলার ভোলাব ইউনিয়নের কড়াটিয়া এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

রাত ৮টার দিকে নারায়ণগঞ্জ জেলা পুলিশের ‘গ’ সার্কেলের এএসপি আবির হোসেন এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান।

তিনি বলেন, গত দুদিন ধরে এশিয়ান হাইওয়ে বাইপাস সড়কের দুপাশে বালু ভরাটকে কেন্দ্র করে কাঞ্চনে আওয়ামী লীগ ও যুবলীগের মাঝে সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে আসছিল। এসব ঘটনার জের ধরে কাঞ্চনে আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে পুলিশ অভিযান পরিচালনা করে। বুধবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত কাঞ্চন পৌরসভার কেন্দুয়া এলাকার কেন্দুয়া জামে মসজিদের পাশে মসজিদের হেফজখানার নির্মাণাধীন ভবনের ছাদে তল্লাশি চালিয়ে রামদা, চাপাতি, ছামুরাই, ছুরি, চাইনিজ কুড়ালসহ ১১০টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, এ ঘটনায় আট করা কাউসার মিয়াকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশ বাদী হয়ে অস্ত্র আইনে একটি মামলাও দায়ের করেছে। এ ঘটনায় জড়িত সবার বিরুদ্ধেই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর