বরিশালের ডিবি পরিচয়ে এক ব্যবসায়ীর মাথায় পিস্তল ঠেকিয়ে টাকা ছিনতাইয়ের ঘটনায় ঝালকাঠির নলছিটি উপজেলা শ্রমিকলীগের সহ-সাংগঠনিক সম্পাদক জলিল হাওলাদারকে (৪০) আটক করেছে র্যাব। এসময় তার সঙ্গী উপজেলার নাঙ্গুলী গ্রামের আদম আলী মুন্সির ছেলে শাহিন মুন্সিকেও (৩১) আটক করা হয়।
মঙ্গলবার (২৯ জুন) রাতে উপজেলার দপদপিয়া ফেরিঘাট থেকে তাদেরকে আটক করা হয়। বুধবার সকালে তাদেরকে নলছিটি থানা হেফাজতে প্রেরণ করা হয়।
আটককৃত জলিল হাওলাদার নলছিটি পৌর সদরের শীতলপাড়া এলাকার সোবহান আলী হাওলাদারের ছেলে।
জানা যায়, বরিশাল নগরীর চরকাউয়া এলাকার কালাম হোসেন গত ১০ জুন ব্যক্তিগত কাজে বাকেরগঞ্জ যান। সেখান থেকে দুপুরের দিকে ফেরার পথে দপদপিয়া বখতিয়ার বাড়ির সামনে শ্রমিকলীগ নেতা জলিল ও তার সঙ্গী ডীবি পরিচয়ে অস্ত্রের মুখে তাকে জিম্মি করে। তখন তার সাথে থানা নগদ টাকা ও বিকাশ নাম্বারে থাকা টাকা নিজেদের নাম্বারে প্রেরণ করে ছেড়ে দেওয়া হয়।
এ ঘটনায় কালাম হোসেন বরিশাল র্যাব-৮ এর কাছে একটি অভিযোগ দায়ের করেন। বিকাশ নম্বরের সূত্র ধরে র্যাব সদস্যরা তাদেরকে আটক করে।
এ বিষয়ে নলছিটি থানার ওসি আতাউর রহমান বলেন, আটককৃত দু’জনের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলহাজাতে পাঠানো হয়েছে।
বার্তা বাজার/এসজে