সিরাজগঞ্জে হত্যা মামলার ২৬ আসামি কারাগারে

সিরাজগঞ্জে কৃষক আনিছুর রহমান হত্যার ঘটনায় জামিন শুনানী শেষে মামলার ২৬ আসামীকে কারাগারে পাঠানোর আদেশ প্রদান করেন আদালত। অপরদিকে মামলার বাদী বাহারাম প্রামানিককে আদালত থেকে বাড়ি ফেরার পথে হামলা চালিয়েছে ওই সকল আসামি পক্ষের লোকজন। ওই কৃষক জেলার শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের উল্টাডাব গ্রামের বাসিন্দা ছিলেন।

বুধবার (৩০ জুন) দুপুরে আসামিরা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (শাহজাদপুর আমলী আদালত) আদালতে আইনজীবীর মাধ্যমে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারক গোলাম রব্বানী তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

বাদী পক্ষের আইনজীবী এ্যাড. আব্দুস সাত্তার মোল্লা এতথ্য নিশ্চিত করেন।

আসামিরা হলেন- উল্টাডাব গ্রামের জাকারিয়া ওরফে রহম, গোলাম কাওসার ওরফে মুন্নু, গোলাম মোস্তফা, সেলিম মোল্লা, মানিক মোল্লা, রতন মোল্লা, জুলমত মোল্লা, তোফাজ্জল মোল্লা, মেনহাজ মোল্লা, আমিরুল মোল্লা, আব্দুল মান্নান, পিন্টু মোল্লা, হারুন মোল্লা, আলমগীর মোল্লা, আলীম মোল্লা, সাব্বির মোল্লা, নিজাম সরদার, রোকন সরদার, ইদ্রিস সরদার, রাজু সরদার, দুলাল, দুদু সরদার, আনোয়ার সরদার, আল আমিন সরদার, উজ্জল সরদার, লালন মোল্লা ও রশিদ সরদার।

এদিকে বাদীকে আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসা দিচ্ছে স্থানীয়রা। এ ঘটনায় শাহজাদপুর থানায় একটি লিখিত অভিযোগ দেয়া হয়েছে বলে জানিয়েছে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদ মাহমুদ খান।

নিহতের পরিবার ও মামলার অভিযোগ সূত্রে জানা যায় উল্টাডাব গ্রামের জাকারিয়া ওরফে রহমের ছেলে আদর মোল্লা ও সেলিম মোল্লার সাথে একই গ্রামের আবু বক্কারের ছেলে আনিছুর রহমানের মোটর সাইকেল চালানোকে কেন্দ্র করে কথাকাটাকাটি হয়। এরই জেরে চলতি বছরের ১ ফেব্রুয়ারী আসামিরা দেশীয় অস্ত্র, লোহার রড, ফালা, হাসুয়া দিয়ে আনিছুর মোল্লার উপর হামলা চালায় এতে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করলেও তার অবস্থার অবনতি হলে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় ৭ ফেব্রুয়ারী সেখানে তার মৃত্যু হয়।

পরে নিহতের ভাই বাহারাম প্রামানিক বাদী হয়ে ১৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত নামা আরো ১০/১৫ জনকে আসামী করে শাহজাদপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে ১৭ মে ২৯ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশীট দাখিল করে তদন্তকারী কর্মকর্তা এসআই আব্দুল মান্নান। সেই মামলার আসামীরা স্বেচ্ছায় হাজির হয়ে জামিনের আবেদন করেন। আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ প্রদান করেন।

এম এ মালেক, সিরাজগঞ্জ/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর