বাবুল আক্তারের দুই সন্তানকে জিজ্ঞাসাবাদ করা যাবে: আদালত

চট্টগ্রামে মিতু হত্যা মামলায় সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারের দুই শিশু সন্তানকে মাগুরায় সমাজকল্যাণ কর্মকর্তার উপস্থিতিতে জিজ্ঞাসাবাদ করতে পারবে মামলার তদন্তকারী কর্মকর্তা।

বুধবার (৩০ জুন) নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর বিচারক এ অনুমতি দেন। এর আগে, মামলার তদন্ত কর্মকর্তার আবেদনে এই হত্যা মামলায় জিজ্ঞাসাবাদ করতে তাদের দুই সন্তানকে ১৫ দিনের মধ্যে তদন্ত কর্মকর্তার কাছে হাজির করার নির্দেশ দেন আদালত। পরে বাবুল আক্তারের ভাই হাবিবুর রহমান এই আদেশ বাতিল চেয়ে আবেদন করেন।

এর পরিবর্তে মাগুরায় তদন্ত কর্মকর্তাকে পাঠিয়ে শিশু আইন মেনে সেখানেই জিজ্ঞাসাবাদের আবেদন করেন। বাবুল গ্রেপ্তার হওয়ার পর থেকে তার ছেলে ও মেয়ে বাবুলের পরিবারের কাছে রয়েছে।

২০১৬ সালের ৫ জুন চট্টগ্রামের জিইসি মোড়ে ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার সময় কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয় মাহমুদা আক্তার মিতুকে। এ ঘটনায় পাঁচলাইশ থানায় অজ্ঞাতনামাদের আসামি করে হত্যা মামলা করেন মিতুর স্বামী পুলিশের সাবেক এসপি বাবুল আক্তার। পরে মামলটি গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এরপর বাবুল আক্তারকে জিজ্ঞাসাবাদ করে গোয়েন্দা পুলিশ।

ওই বছরের ৬ই সেপ্টেম্বর তাকে পুলিশ সুপারের পদ থেকে অব্যাহতি দিয়ে প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

এরপর ২০২০ সালে আদালতের নির্দেশে মামলার তদন্ত ভার পায় পিবিআই। এরপর, গেল চলতি বছরের ১০ মে বাবুল আক্তারকে জিজ্ঞাসাবাদের জন্য ঢাকা থেকে চট্টগ্রাম পিবিআই কার্যালয়ে নেয়া হয়। এরপর মামলায় নাটকীয় পরিবর্তন আসে।

বিবাহবহির্ভূত সম্পর্কের জের ধরে মিতুকে হত্যার অভিযোগে বাবুল আক্তারের বিরুদ্ধে গেল ১২ মে চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানায় মামলা করেন মিতুর বাবা মোশাররফ হোসেন। এরপর মিতুর বাবার করা মামলার পরই পিবিআই এর হেফাজতে থাকা সাবেক এসপি বাবুল আক্তার গ্রেপ্তার দেখানো হয়। এরপর ওইদিনই বাবুল আক্তারকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নেয় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

মিতু হত্যাকাণ্ডে মামলার বাদী সাবেক পুলিশ সুপার বাবুল আক্তার নিজেই এখন শ্বশুরের দায়ের করা মামলার প্রধান আসামি।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর