সিরাজগঞ্জে জমি পেল ১৪ শিল্প প্রতিষ্ঠান

সিরাজগঞ্জ অর্থনৈতিক অঞ্চলে ১৪টি শিল্পপ্রতিষ্ঠান জমি বরাদ্দ পেয়েছে। গতকাল মঙ্গলবার রাজধানীর কারওয়ান বাজারে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এসব প্রতিষ্ঠানকে জমি বরাদ্দ দেওয়া হয়েছে।

বুধবার (৩০ জুন) দুপুরে সিরাজগঞ্জ অর্থনৈতিক অঞ্চলটির পরিচালক শেখ মনোয়ার হোসেন মুঠোফোনে এ তথ্য জানিয়ে বলেন, উত্তরবঙ্গের মানুষের কাজের একটি ক্ষেত্র তৈরি হলো। এই অর্থনৈতিক অঞ্চলের মাধ্যমে উত্তরাঞ্চলের আর্থসামাজিক অবস্থার আমূল পরিবর্তন ঘটবে।

তিনি আরও বলেন একই অনুষ্ঠানে জাপান ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের (জেডিআই) সঙ্গে সিরাজগঞ্জ অর্থনৈতিক অঞ্চলের ‘ডিটেইল ইঞ্জিনিয়ারিং প্ল্যান’ চুক্তি সই হয়েছে।

যমুনা নদীর ওপর নির্মিত বঙ্গবন্ধু সেতুর পশ্চিম প্রান্তে জেলার সয়দাবাদ ইউনিয়ন ও বেলকুচি উপজেলায় ১ হাজার ৩৫ একর জমির ওপর গড়ে উঠছে দেশের সবচেয়ে বড় এই বেসরকারি অর্থনৈতিক অঞ্চল। ২০১৯ সালে সেখানে ভূমি উন্নয়নের কাজ শুরু হওয়ার পর প্রথমবারের মতো গতকাল বিনিয়োগকারীদের জমি বরাদ্দ দেওয়া হয়।

এ অর্থনৈতিক অঞ্চলে জমি বরাদ্দ প্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলো- অ্যাপেক্স ফুটওয়্যার ৫ একর, কন্টিনেন্টাল গার্মেন্টস ইন্ডাস্ট্রিজ ৮ একর, ডায়নামিক ড্রেজিং ২ একর, নিট এশিয়া ৮ একর, এম কে কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ ৪ একর, রাতুল ফেব্রিকস ৫ একর।

এছাড়া অ্যাকটিভ কম্পোজিট মিলস ২ একর, রাইজিং হোল্ডিংস ১০ একর, রাইজিং স্পিনিং মিলস ৫ একর, যশোর ফিড ১৬ একর, ম্যারিনা প্রোপার্টি ২১ একর, টেক্সট টাউন ৫ একর, এস্কোয়ার অ্যাকসেসরিজ ১২ একর এবং এস্কোয়ার ইলেকট্রনিকস ৭ একর জমি বরাদ্দ পেয়েছে।

এ অঞ্চলে ভূমি উন্নয়নের কাজে প্রকৌশলগত সহায়তা দিচ্ছে জেডিআই। অর্থনৈতিক এ অঞ্চলে পর্যায়ক্রমে ৫ লাখ মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

এম এ মালেক, সিরাজগঞ্জ/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর