২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে তাণ্ডবের মামলায় বিএনপি নেতা মোহাম্মদ আসলাম চৌধুরীকে জিজ্ঞাসাবাদের জন্য একদিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।
বুধবার (৩০ জুন) ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আসাদুজ্জামান নূর তার রিমান্ড মঞ্জুর করেন।
রমনা থানার এ মামলায় আসলামের বিরুদ্ধে দশ দিনের রিমান্ড চেয়েছিলেন তদন্ত কর্মকর্তা রমনা মডেল থানার পুলিশ পরিদর্শক মাহফুজুল হক।
এ মামলার ঘটনার সঙ্গে বিএনপি নেতা আসলাম জড়িত নয় দাবি করে তার রিমান্ড আবেদন নাকচ করে জামিন চান
তার আইনজীবী তাহেরুল ইসলাম তৌহিদ।
আসলাম চৌধুরীর আইনজীবী তাহেরুল ইসলাম তৌহিদ বলেন, অন্য একটি মামলায় জামিন পাওয়ার পর নতুন করে মামলাটিতে তাকে গ্রেফতার দেখানো হয়, যে মামলায় এখনও অভিযোগপত্র হয়নি।
তিনি আরো বলেন, যখন কোনোভাবেই তাকে (আসলাম) আর কারাগারে রাখা যাচ্ছে না তখন ৯ বছর আগের মামলায় গ্রেফতার দেখানো হয়।
রিমান্ড আবেদনে আসলামের বিরুদ্ধে অভিযোগ করে বলা হয়, ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলাম বাংলাদেশের ঢাকা অবরোধ কর্মসূচি পালনকালে মতিঝিল শাপলা চত্বরে সমাবেশ চলাকালে জামায়াতে ইসলাম, হেফাজত ইসলাম, বিএনপি, ছাত্রশিবিরের উশৃঙ্খল, উগ্রবাদী নেতাকর্মীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে রমনা মডেল থানাধীন নাইটিঙ্গেল থেকে মৌচাক পর্যন্ত জঙ্গিরূপ আচরণ ও বেআইনি কাজ করে। এছাড়া প্রাইভেটকার, মোটরসাইকেল, দোকানপাটসহ বিভিন্ন গাড়ি ভাঙচুর করে এবং পুলিশের সরকারি ভাঙচুর করে। আসামি আসলামসহ হেফাজতে ইসলাম ও বিএনপির মাঠ পর্যায়ের উচ্চ পদস্থ নেতাকর্মীদের ইন্ধন ও তাদের মদদে এ ধরনের কার্যকলাপ করেছে মর্মে সাক্ষ্যপ্রমাণ গিয়েছে।
বার্তাবাজার/ই.এইচ.এম