কারামুক্ত হলেন পরীমনির মামলার আসামি নাসির

ঢাকাই নায়িকা পরীমনিকে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে দায়ের হওয়া মামলার আসামি নাসির উদ্দিন মাহমুদ কারামুক্ত হয়েছেন। বুধবার (৩০ জুন) সন্ধ্যায় তিনি ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্ত হয়েছেন। তবে অন্য মামলা থাকায় মুক্তি পাননি তুহিন সিদ্দিকী অমি।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুভাষ কুমার ঘোষ।

জানা যায়, মানবপাচার মামলায় অমিকে ২ দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। কিন্তু পরীমনির দায়ের করা মামলায় জামিন পেয়েছেন ব্যবসায়ী নাসিরউদ্দিন মাহমুদ। তিনি মাদক মামলায়ও জামিন পাওয়ায় মুক্তি পেয়েছেন। পাশাপাশি জামিন পেয়েছেন তার ৩ নারী সঙ্গীও।

বুধবার (৩০ জুন) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিম এই আদেশ দেন বলে জানিয়েছেন আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) ফরিদ উদ্দিন।

তিনি জানান, ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে নাসিরউদ্দিন মাহমুদসহ চার আসামি জামিনের আবেদন করলে বিচারক শুনানি শেষে জামিনের আবেদন মঞ্জুর করেন। জামিনপ্রাপ্ত অন্য আসামিরা হলেন লিপি আক্তার, সুমি আক্তার ও নাজমা আমিন স্নিগ্ধা ।

তবে লিপি, সুমি ও নাজমা বুধবার পর্যন্ত মুক্তি পাননি বলে জানিয়েছেন কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের জেলার মো. শরীফুল ইসলাম।

এর আগে মঙ্গলবার চিত্রনায়িকা পরীমণিকে ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টার মামলায় ব্যবসায়ী নাসিরউদ্দিন মাহমুদ ও তুহিন সিদ্দিকী অমিকে জামিন দেন ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাহজাদী তাহমীদা।

এদিকে গত ২৩ জুন রাজধানীর দক্ষিণখান থানায় মানবপাচারের অভিযোগে দায়ের করা মামলায় আসামি তুহিন সিদ্দিকী অমিকে গ্রেফতার দেখিয়ে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন মামলার তদন্তে থাকা কর্মকর্তা। আদালত এই আবেদনের শুনানির জন্য বুধবার দিন ধার্য করেছিল। শুনানি শেষে তাকে ২ দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দেয় আদালত।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর