রংপুরে ৮ তলা ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

রংপুর মহানগরীতে একটি আটতলা নির্মাণাধীন ভবন থেকে পড়ে হরিদাস চন্দ্র (৩২) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার (৩০ জুন) দুপুরে নগরীর সাতগাড়া খলিফাপাড়া এলাকায় নির্মাণ কাজ চলার সময় এই দুর্ঘটনা ঘটে।

নিহত শ্রমিক হরিদাস চন্দ্র ১২নং ওয়ার্ডের পকিফান্দা বালাবাজার এলাকার ভবেশ চন্দ্র দাসের ছেলে। পুলিশ খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

ঘটনাস্থলে থাকা শ্রমিকরা জানান, মোহনা এ্যাপার্টমেন্টের আটতলা ভবনের ওপর কাজ করার সময় হরিদাস চন্দ্র সেখান থেকে নিচে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তাদের অভিযোগ নির্মাণ কাজ চালু করার পর থেকে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে শ্রমিকদের জন্য কোনো সুরক্ষার ব্যবস্থা করা হয়নি।

এ বিষয়ে রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শ্রমিকদের পক্ষ থেকে এখন পর্যন্ত থানায় কেউ অভিযোগ করেনি। মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

রকি আহমেদ/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর