শুরু হতে যাওয়া কঠোর বিধিনিষেধের ঘোষণায় আজও রাজধানী ছাড়ছে মানুষ। সকাল থেকেই ফেরিঘাটগুলোতে দেখা গেছে যাত্রীদের ভিড়। গণপরিবহণ বন্ধ থাকায় বিভিন্ন উপায়ে বেশি ভাড়া দিয়ে ভেঙে ভেঙে ঘাটে আসছেন তারা।
বৃহস্পতিবার (১ জুলাই) থেকে সারা দেশে কঠোর বিধিনিষেধ। এ কারণে বুধবার (৩০ জুন) ভোর থেকেই মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে বাড়িমুখো যাত্রীর চাপ দেখা যায়। গাদাগাদি করে ফেরিতে উঠছে হাজারও মানুষ। মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি।
ছোট ছোট যানবাহনে বাড়তি ভাড়া দিয়ে যাত্রীদের গন্তব্যে যেতে হচ্ছে। দুই শতাধিক যানবাহন পারের অপেক্ষায় থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানবাহনের চাপ কমে যায়।
ভিড় দেখা গেছে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটেও। গণপরিবহণ বন্ধ থাকায় অতিরিক্ত ভাড়া দিয়ে বিকল্প যানবাহনে করে ঘাটে আসেন ঘরমুখো মানুষ।
এদিকে, ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গণপরিবহণ না থাকায় ব্যক্তিগত গাড়ি ও অন্যান্য যানের পাশাপাশি ট্রাকে চড়েও বাড়ি ফিরছে মানুষ।
অন্যদিকে, সারা দেশে সীমিত বিধিনিষেধে খুলনায় শহরের বিভিন্ন স্থানে তল্লাশি চৌকি বসিয়ে ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে প্রশাসন। বিধিনিষেধ অমান্যকারীদের করা হচ্ছে জরিমানা।
এছাড়া নাটোর, নড়াইলসহ দেশের বিভিন্ন স্থানে বিধিনিষেধে ঢিলেঢালাভাব দেখা গেছে। নানা অজুহাতে বাইরে বের হচ্ছে মানুষ। মানছে না স্বাস্থ্যবিধি।
বার্তাবাজার/ই.এইচ.এম