দুর্গাপুরে টানা বর্ষণে বেড়েই চলেছে সোমেশ্বরী নদীর পানি

টানা দুই দিনে অতিবৃষ্টি ও সীমান্তবর্তী মেঘালয় থেকে নেমে আসা পাহাড়ী ঢলে নেত্রকোনার দুর্গাপুর উপজেলার সোমেশ্বরী নদীতে পানি বৃদ্ধি পেয়েছে। বুধবার (২৯ জুন) সরেজমিনে গিয়ে দেখা গেছে, গত কয়েক দিনের ভারী বৃষ্টিতে নদীর পানি বৃদ্ধি পেলেও তা এখনো ও বিপদসীমার নিচ দিয়েই প্রবাহিত হচ্ছে।

এ সময় নদীতে থাকা বালু উত্তোলনকারী কিছু ড্রেজার ভেসে গেছে। নদীর পানি এ অবস্থায় বৃদ্ধি পেতে থাকলে অন্যান্য এলাকার নিম্নাঞ্চলের বাড়িঘর, মাছের ঘের, ফসলের মাঠসহ সবজি বাগান গুলো তলিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পানি বৃদ্ধির ফলে আতঙ্কে রয়েছে নিম্নাঞ্চলের মানুষ।

অপরদিকে বৃষ্টির কারণে নিম্নআয়ের মানুষের বেড়েছে ভোগান্তি। রিকশাসহ দিন মজুরদের কাজকর্ম বন্ধ হয়ে পড়েছে একেবারেই। বৃষ্টি অব্যাহত থাকলে নিম্নাঞ্চলগুলোতে জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে ।

স্থানীয় পানি উন্নয়ন বোর্ডের সাবেক কর্মচারী মাইকেল প্রদীপ বাউল বলেন, সোমেশ্বরী নদীর ধরনটাই এই রকম। তবে নদীতে যেভাবে পানি বৃদ্ধি পাচ্ছে যদি বৃষ্টিপাত অব্যাহত থাকে তাহলে এলাকা প্লাবিত হয়ে আগাম বন্যা দেখা দেওয়ার সম্ভাবনা আছে।

এ নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাজীর-উল-আহসান বলেন, পানি বৃদ্ধির খবর পেয়ে ইতোমধ্যে বিভিন্ন এলাকা পরিদর্শন করা হচ্ছে। এলাকায় বন্যা, প্রাকৃতিক দুর্যোগ বা কোন প্রকার খাদ্য সমস্যা দেখা দিলে, তা মোকাবেলার জন্য প্রস্তত রয়েছে উপজেলা প্রশাসন।

রাজেশ গৌড়/বার্তা বাজার/এফএইচপি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর