করোনাভাইরাসের সংক্রমণ রোধে আগামীকাল বৃহস্পতিবার (১ জুলাই) থেকে সারাদেশে সাতদিনের জন্য লকডাউন ঘোষণা করেছে সরকার। আগামীকাল সকাল ৬টা থেকে কঠোর বিধিনিষেধ শুরু হচ্ছে।
কঠোর লকডাউনেও চলবে ব্যাংকিং কার্যক্রম। লকডাউনে ব্যাংক দুপুর ৩টা পর্যন্ত খোলা থাকলেও লেনদেন চলবে সকাল ১০ টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত।
বুধবার (৩০ জুন) বাংলাদেশ ব্যাংকের অফসাইট সুপারভিশন বিভাগের মহাব্যবস্থাপক আনোয়ারুল ইসলাম স্বাক্ষরিত একটি সার্কুলার সকল তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক/প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।
এতে বলা হয়েছে, প্রতিদিন দুপুর ৩টা পর্যন্ত ব্যাংক খোলা থাকবে। সকাল ১০ টা থেকে দেড়টা পর্যন্ত লেনদেন করা যাবে। আগামী সাতদিন সাপ্তাহিক ছুটি শুক্রবার, শনিবারের পাশাপাশি রোববারও বন্ধ থাকবে ব্যাংক।
এতে আরও বলা হয়, কার্ডের মাধ্যমে লেনদেন ও ইন্টারনেট ব্যাংকিং সেবা সার্বক্ষণিক চালু রাখতে হবে। এটিএম বুথে সার্বক্ষণিক পর্যাপ্ত নোট সরবরাহসহ সার্বক্ষণিক চালু রাখতে হবে।
আগামীকাল বৃহস্পতিবার থেকে সারাদেশে সাতদিনের লকডাউন আরোপ করে আজ প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। প্রজ্ঞাপনে ২১টি বিধিনিষেধ মানার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।
লকডাউনের সময়ে সকল সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস বন্ধ থাকবে। শিল্প-কারখানাসমূহ স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক নিজস্ব ব্যবস্থাপনায় চালু থাকবে।
বার্তা বাজার/নব