মোহনগঞ্জে বজ্রপাতে এক শিশুর মৃত্যু

নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার বড়তলী বানিহারী ইউনিয়নে বুধবার দুপুরের দিকে বজ্রপাতে রিফাত (১৩) নামক একজন শিশুর মৃত্যু হয়েছে।

স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, জৈনপুর গ্রামের মৃত আব্দুর রশিদের পুত্র গোলাম মোস্তফার হাঁসের খামার দেখাশুনা করতো একই গ্রামের সুয়ন মিয়ার পুত্র রিফাত মিয়া। বুধবার দুপুর ১২টার দিকে রিফাত হাঁস নিয়ে বানিহারি গ্রামের সামনের হাওরে হাঁস চড়াতে নিয়ে যায়। এ সময় হঠাৎ বজ্রপাতে রিফাত মাটিতে লুটিয়ে পড়ে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রুত মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্জ রাশেদুল হাসানের সাথে যোগাযোগ করলে তিনি বজ্রপাতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, মৃতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

নেত্রকোনার জেলা প্রশাসক কাজি মোঃ আবদুর রহমান বলেন, বজ্রপাতে মৃত শিশুর মরদেহ দাফন করার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে তার পরিবারকে নগদ ২০ হাজার টাকা প্রদান করা হয়েছে।

রাজেশ গৌড়/বার্তা বাজার/এফএইচপি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর