তালিমের সময় ঘুম: দুই ছাত্রের মাথা ফাটাল মাদ্রাসা শিক্ষক

ফরিদপুরের নগরকান্দায় মাদ্রাসা শিক্ষকের নির্যাতনে দুই শিক্ষার্থী আহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। বুধবার (৩০ জুন) ভোরে উপজেলার কাইচাইল ইউনিয়নের সুতারকান্দা দারুস সালাম ইসলামীয়া মাদ্রাসায় এ ঘটনা ঘটে।

আহতরা হল উপজেলার জিয়াকুলী গ্রামের বাদল মোল্যার ছেলে নিজাম মোল্যা (৯) ও জলফত জমাদ্দারের ছেলে আর্শিক জমাদ্দার (১০)। তারা দুই জনই মাদ্রাসাটির হেফজ বিভাগের ছাত্র।

জানা যায়, মাদ্রাসায় ফজরের নামাজের পর শিক্ষার্থীদের নিয়ে তালিম চলছিল। এসময় হেফজ বিভাগের ছাত্র নিজাম ও আর্শিক বসে বসে ঘুমাচ্ছিল। মাদ্রাসার শিক্ষক হাফেজ রকিবুল ইসলাম দুই ছাত্রকে দাঁড় করিয়ে একে অপরের মাথায় স্বজোরে আঘাত করে। এতে দুইজনের মাথা ফেটে রক্ত ঝরতে থাকে।

পরে পাশ্ববর্তী পোড়াদিয়া বাজারে গ্রাম্য চিকিৎসকের নিকট এনে দুজনের মাথায় সেলাই দিয়ে বাড়ী পাঠিয়ে দেওয়া হয়। এ ঘটনার পর থেকে শিক্ষক হাফেজ রকিবুল ইসলাম পলাতক রয়েছেন।

আহত ছাত্র নিজামের বাবা বাদল মোল্যা অভিযোগ করে বলেন, আমার ছেলে হেফজ বিভাগে পড়ে। শিশু ছেলে ফজরের নামাজ পড়ে মাদ্রাসায় বসে তালিম শুনছিলেন। আর্শিক নামে আরেকটি ছেলে দুজনে ঘুমের ঝিম পাড়ছিল। তাতেই হুজুর দু’জনকে একে অপরের মাথায় আঘাত করে। দু’জনের মাথা ফেটে রক্ত বের হয়। আমার ছেলের মাথায় চারটি সেলাই করা হয়েছে।

মাদ্রাসার মোহতামিম আবু বকর সিদ্দিক বলেন, আমি মাদ্রাসায় ছিলাম না। একটা অনাকাঙ্খিত ঘটনা ঘটে গেছে। শিক্ষকের বিরুদ্ধে মাদ্রাসার কমিটির পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হবে।

নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা জেতী প্রু বলেন, দুই শিক্ষার্থীকে উন্নত চিকিৎসার জন্য অভিভাবকদের পরামর্শ দেওয়া হয়েছে। আর অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

মিয়া রাকিবুল/বার্তা বাজার/এফএইচপি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর