গুরুদাসপুরে তিন অটোভ্যান চোর আটক
নাটোরের গুরুদাসপুরে ব্যাটারী চালিত অটোভ্যান চোর চক্রের তিন সদস্যকে আটক করেছে থানা পুলিশ। মঙ্গলবার বিকেল ৪ টার দিকে উপজেলার বিয়াঘাট উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে তাদের আটক করা হয়।
এই চক্রটি দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন এলাকা থেকে ব্যাটারী চালিত অটোভ্যান চুরি করে আসছিল বলে জানিয়েছে এলাকাবাসী।
আটককৃত জুয়েল রানা ওরফে জুলহাস (৩৭) বিয়াঘাট ইউনিয়নের সিয়ানপাড়া গ্রামের আবুল কালামের ছেলে, হুমায়ন হোসেন (২১) নারায়নপুর গ্রামের মৃত খাদেম আলীর ছেলে এবং ইয়াকুর আলী (৫৫) পার্শ্ববর্তী বড়াইগ্রাম উপজেলার খোদ্দকাচোটিয়া গ্রামের মৃত কাদের আলীর ছেলে।
পুলিশ জানায়, গত ২৬ জুন উপজেলার বিয়াঘাট ইউনিয়নের সিয়ানপাড়া গ্রামের মহরম আলীর ব্যাটারী চালিত অটোভ্যান গভীর রাতে চুরি হয়ে যায়। এঘটনায় পরের দিন মহরম বাদী হয়ে গুরুদাসপুর থানায় অজ্ঞাতনামা ব্যক্তিরা ভ্যানটি চুরি করে করেছে মর্মে অভিযোগ দেন। ভুক্তভোগির দেওয়া তথ্য ও অভিযুক্তদের চলাফেরা সন্দেহ জনক হলে গোপন সংবাদের ভিত্তিতে জুলহাস ও হুমায়নকে পুলিশ আটক করে।
পুলিশ আরও জানায়, জুলহাস ও হুমায়ন ভ্যান চুরি করেছে মর্মে স্বীকারোক্তি দেন। সেই ভ্যান পার্শ্ববর্তী বড়াইগ্রাম উপজেলার খোদ্দ কাচোটিয়া গ্রামের অটোভ্যান মেকার ইয়াকুব আলীর কাছে ৭ হাজার টাকায় বিক্রি করেছেন বলে জানান অভিযুক্তরা। মঙ্গলবার সন্ধ্যায় গুরুদাসপুর থানার এস আই আকরামুজ্জামান সঙ্গীয় অফিসার ফোর্স নিয়ে বড়াইগ্রাম উপজেলার খোদ্দ কাচোটিয়া গ্রাম থেকে চুরি যাওয়া অটোভ্যানটি উদ্ধার করেন।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক জানান, এবিষয়ের আটককৃতদের বিরুদ্ধে মহরম আলী বাদী হয়ে চুরি মামলা দায়ের করেছেন। তাদের নাটোর জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
বার্তা বাজার/এফএইচপি