আন্তর্জাতিক বাজারে দাম বেড়ে যাওয়ায় দেশে কয়েক দফায় সয়াবিন তেলের দাম বেড়েছে। সবশেষ ৯টা বেড়ে প্রতি লিটার তেল বিক্রি হচ্ছে ১৫৩ টাকায়। তবে এবার দাম কমেছে সয়াবিন তেলের।
আসন্ন ঈদুল আজহা এবং করোনা পরিস্থিতি বিবেচনায় প্রতি লিটারে ৪ টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছে ভোজ্যতেল পরিশোধন ও বিপণনকারীদের সংগঠন বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন।
বুধবার (৩০ জুন) সংগঠনের সচিব মো. নূরুল ইসলাম মোল্লার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
ভোজ্যতেলের দাম কমানোর বিষয়ে সংগঠনটি জানিয়েছে, বাণিজ্য মন্ত্রণালয় এবং বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের সঙ্গে আলোচনা সাপেক্ষে পবিত্র ঈদুল আজহা, করোনা পরিস্থিতি এবং ভোক্তার ক্রয় ক্ষমতা বিবেচনা করে সয়াবিন, পাম ও অন্যান্য ভোজ্যতেলের দাম নির্ধারণ করা হয়েছে।
৪ টাকা কমায় এক লিটার সয়াবিন তেল কিনতে ১৪৯ টাকা। খোলা কিনলে ১২৫ টাকা দাম পড়বে। আগামীকাল বৃহস্পতিবার থেকে সারাদেশে নতুন দাম কার্যকর হবে।
এর আগে গত ২৭ মে সয়াবিন তেলের দাম এক লাফে ৯ টাকা বাড়ানো হয়েছিল। তাতে এক লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ১৪৪ টাকা থেকে বেড়ে ১৫৩ টাকায় পৌঁছায়। অন্যদিকে প্রতি লিটার খোলা পাম অয়েলের দাম ১১২ টাকা থেকে কমে ১০৮ টাকা হবে।
বার্তা বাজার/নব