সাভারে কৃষকদের বিনামূল্যে বীজ-সার ও পিকআপভ্যান বিতরণ
ঢাকার সাভারে ২০২০-২০২১ অর্থবছরে রোপা আমন ধান উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, সার ও ৫০% ভর্তুকিতে পিক-আপ ভ্যান বিতরণ করা হয়েছে। বুধবার (৩০ জুন) দুপুরে সাভার উপজেলা পরিষদ হলরুমে সাভারের বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কৃষকদের মাঝে এসব বিতরণ করা হয়।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাজহারুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাভার উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নাজিয়াত আহমেদ।
এসময় তিনি জানান, ‘মুজিববর্ষের অঙ্গীকার, কৃষি হবে দূর্বার’ এই প্রত্যয়কে সামনে নিয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সারা বাংলাদেশে কৃষকের দ্বারপ্রান্তে কাজ করে যাচ্ছে। এর ফলে সারাবিশ্বে কৃষিক্ষেত্রে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল হিসেবে বিবেচিত হয়েছে। সারা বিশ্বে বাংলাদেশ পাট রপ্তানিতে ১ম অবস্থানে রয়েছে, কাঁঠাল উৎপাদনে ২য়, সবজি উৎপাদনে ৩য়, আম এবং আলু উৎপাদনে ৭ম, পেয়ারা উৎপাদনে ৮ম অবস্থানে রয়েছে। এরই ধারাবাহিকতায় সাভারে আজ যেসব ইউনিয়নে আমন ধান চাষ হয়, সেখানের ১০০ জন প্রান্তিক কৃষককে ৫ কেজি করে আমন ধানের বীজ এবং দশ কেজি করে দু’ধরণের সার বিনামূল্যে বিতরণ করেছি। পাশাপাশি ৫০% সরকারি ভর্তুকিতে তিনজন কৃষি উদ্যোক্তাকে তিনটি পিক-আপ ভ্যান বিতরণ করছি।
এসময় অনুষ্ঠানের প্রধান অতিথি মঞ্জুরুল আলম রাজীব ১০০ জন প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করেন। পরে ৫০% সরকারি ভর্তুকিতে তিনজন কৃষি উদ্যোক্তাকে তিনটি পিক-আপ ভ্যান এর চাবি হস্তান্তর করেন তিনি।
এছাড়াও, সম্প্রতি মুজিববর্ষ উপলক্ষে সাভারে যাদেরকে জমি ও ঘর প্রদান করা হয়েছে, তাদের ভিতর থেকে ৩০টি পরিবারকে তাদের অনাবাদী জমিতে পারিবারিক পুষ্টি বাগান স্থাপনের জন্য প্রয়োজনীয় উপকরণ যথা বীজ, সার, চারা, পানি প্রদানের ঝাঁঝরি, সার রাখার ড্রাম ইত্যাদি প্রদান করা হয়।
পরে অনুষ্ঠানের প্রধান অতিথি মঞ্জুরুল আলম রাজীব বার্তা বাজারকে জানান, কৃষক বাঁচলে দেশ বাঁচবে। আপনারা জানেন ২০১৯-২০ অর্থবছরে আমাদের জিডিপিতে কৃষি খাতের অবদান ১৩.৬%। আমাদের মোট শ্রমশক্তির ৪২% কৃষি খাতে নিযুক্ত।
আমাদের দেশের বেশীরভাগ কৃষক আধুনিক যন্ত্রের ব্যবহার করতে জানে না। তাদের জন্য প্রশিক্ষনের ব্যাবস্থা গ্রহণ করেছেন মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা। বর্তমান সরকারের লক্ষ্য কিভাবে পরিবেশকে উন্নত রেখে পুষ্টিমান সমৃদ্ধ খাবার উৎপাদন করা যায় এবং উন্নত সবজি, ফল ও কৃষি পণ্য বিদেশেও রপ্তানি করা যায়। এগুলো সামনে রেখে সরকারের কৃষি বিভাগ বিভিন্ন উদ্যোগ গ্রহন করেছেন এবং এরই ধারাবাহিকতায় আজকের এই প্রণোদনা প্রোগ্রাম।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন- বনগাঁও ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, সাভার উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ কামরুল হাসান, অতিরিক্ত কৃষি কর্মকর্তা মোঃ ইমরানসহ অন্যান্য সরকারি কর্মকর্তাগণ।
আল মামুন খান/বার্তা বাজার/এফএইচপি