পাটক্ষেত থেকে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

ফরিদপুরের আলফাডাঙ্গায় ইয়াবাসহ শিপন মোল্যা (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বুধবার (৩০ জুন) দুপুরে শিপন মোল্যাকে ফরিদপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

এরআগে মঙ্গলবার (২৯ জুন) রাত ১০টার দিকে তাকে উপজেলার সদর ইউনিয়নের জাটিগ্রাম থেকে আটক করা হয়। শিপন ওই গ্রামের মুনজুর মোল্যার ছেলে।

থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আলফাডাঙ্গা থানার এসআই উত্তম কুমার সেন সঙ্গীয় ফোর্স নিয়ে একটি পাটক্ষেত থেকে শিপন মোল্যাকে আটক করে। পরে তার দেহ তল্লাশি করে নীল রংয়ের একটি প্যাকেটে ৯২ পিস ইয়াবা ও একটি মোবাইল সেট জব্দ করে।

এসময় তার অপর সহযোগী পার্শ্ববর্তী গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার খায়েরহাট গ্রামের ফায়েন শেখের ছেলে ইয়াছিন শেখ (২৪) পালিয়ে যায়। তারা পরস্পর যোগসাজশে আলফাডাঙ্গা ও কাশিয়ানী উপজেলার বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণভাবে মাদক বিক্রয় করে থাকে। পরে তাদের দু’জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আলফাডাঙ্গা থানায় মামলা দায়ের করা হয়।

এলাকাসূত্রে জানা যায়, শিপন দীর্ঘদিন মাদক ব্যবসার পাশাপাশি একজন পেশাদার চোর। তার বিরুদ্ধে রয়েছে একাধিক মামলা। সর্বশেষ গতবছরের ৪ মে গভীররাতে জাটিগ্রাম বাজারের একটি মুদি দোকানে চুরি করতে গেলে নৈশপ্রহরীরা তাকে হাতেনাতে ধরে পুলিশে দেয়।

আলফাডাঙ্গা থানা অফিসার অফিস ইনচার্জ মো. ওয়াহিদুজ্জামান বার্তা বাজারকে জানান, ‘ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে। তার অপর সহযোগীকে গ্রেপ্তারের অভিযান অব্যাহত আছে।’

মিয়া রাকিবুল/বার্তা বাজার/এফএইচপি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর