দুর্বৃত্তদের হামলায় পাংশায় স্ত্রী সন্তানসহ ইউপি সদস্য আহত

রাজবাড়ীর পাংশা উপজেলার সরিষা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য নজরুল ইসলাম (৪০), তার স্ত্রী রুনা পারভীন (৩৫) ও ৮ বছরের পুত্রসন্তান তামিম হোসেনের উপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এ সময় তাদেরকে আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি করা হয়। আহত নজরুল ইসলাম ইউনিয়নের পালেরডাঙ্গী গ্রামের লুকাই সরদারের ছেলে।

ইউপি সদস্য নজরুল ও তার স্ত্রী রুনা পারভীন বলেন, মঙ্গলবার (২৯ জুন) দিবাগত রাত ১২ টার দিকে কে বা কারা আমাদের ঘরের দরজা জানালায় হামলা চালায়। জানালার এক পাশ খুলে গেলে এ সময় আমরা ডাকাত বলে চিৎকার শুরু করলে তারা আমাদেরকে হত্যার উদ্দেশ্যে কয়েক রাউন্ড গুলি ছুঁড়ে পালিয়ে যায়। এতে স্ত্রী সন্তানসহ আমরা ৩ জন আহত হই। পরে স্থানীয়রা আমাদেরকে উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

ইউপি সদস্য নজরুল ইসলামের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।

এ বিষয়ে পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদুর রহমান বার্তা বাজার কে বলেন, ঘটনার সত্যতা পাওয়া গেছে তবে এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে মামলা রজু করা হবে এবং তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হয়।

মেহেদী হাসান রাজু/বার্তা বাজার/এফএইচপি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর