করোনাভাইরাসের সংক্রমণ রোধে সারাদেশে আগামীকাল বৃহস্পতিবার (১ জুলাই) সকাল ৬টা থেকে ৭ জুলাই মধ্যরাত পর্যন্ত কঠোর লকডাউন আরোপ করেছে সরকার।
লকডাউনে কোনো ধরনের ব্যক্তিগত গাড়ি বা মোটরযান নিয়েও বের হওয়া যাবে না বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম।
বুধবার (৩০ জুন) দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, এবারের লকডাউনে কোনো ধরনের যানবাহন চলতে দেব না। তবে পণ্যবাহী যেসব যানবাহন রয়েছে সেগুলো চলবে। মানুষের নিত্য প্রয়োজনীয় পণ্য কাঁচাবাজার, রোগীদের ওষুধ কেনা, করোনার টিকা নিতে যাওয়া, করোনা টেস্ট করাতে যাওয়া এসব ক্ষেত্রে অবশ্যই কোভিডের ম্যাসেজ দেখিয়ে ব্যক্তিগত গাড়ি নিয়ে বাইরে বের হতে পারবেন।
এছাড়া জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হওয়া যাবে না। বিনা কারণে বাইরে বের হলে গ্রেফতার ও জরিমানা করা হবে বলেও জানিয়েছেন পুলিশের এ কর্মকর্তা।
তিনি বলেন, এবারের কঠোর লকডাউনে বাসার বাইরে বের হলে আইনি ঝামেলায় পড়তে হবে। যারা বিনা কারণে বাইরে বের হবে আমরা তাদের ২৬৯ ধারায় মামলা দিতে যাচ্ছি। এরপর তাদের গ্রেফতার করে আদালতে পাঠানো হবে। এ মামলায় ন্যূনতম ৬ মাসের জেল ও জরিমানা হতে পারে।
বার্তা বাজার/নব