বৃষ্টিতে বাড়ছে নদীর পানি, কুড়িগ্রামে বন্যার আশংকা
উত্তরের জেলা কুড়িগ্রামে গত ২ দিন ধরে টানা ভারি ও মাঝারি বৃষ্টিপাত শুরু হয়েছে । ফলে জেলার সবকটি নদ-নদীর পানি বাড়তে শুরু করেছে। সাথে যোগ হয়েছে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানি। এতে আশংকা দেখা দিচ্ছে বন্যার।
জেলায় প্রতিবছর মে-জুন মাসে কয়েক দফা বন্যা হলেও, এবছর বন্যার কোন পূর্বাভাস দেখা যায়নি এই সময়টাতে। তবে গত দুইদিন ধরে ভারি ও মাঝারী বর্ষণের কারণে নদী পাড় এলাকাগুলোতে পানি বাড়ার সাথে ভাঙন দেখা দিয়েছে। সাথে নদী পাড়ের মানুষ বন্যার আশংকা করছেন।
নদী পাড় এলাকাগুলো ঘুরে দেখা যায় পাড়ের লোকজন বন্যা আতংকে ও ভাঙনের কবল থেকে বাঁচতে নিজেদের বসতভিটার ঘরগুলো অন্যত্র সরিয়ে নিচ্ছেন। অনেকে পাড়ের ধারের রোপণ করা পাট ক্ষেতের অপরিপক্ক পাট কেটে নিচ্ছেন।
জেলার উলিপুর উপজেলার বজরা ইউনিয়নের বাসিন্দা ইফসুফ আলী বলেন,যেভাবে বৃষ্টি পড়ছে এবং নদীর পানি বাড়ছে, এতে বন্যা আসার সম্ভাবনা রয়েছে।

রাজারহাট উপজেলার তিস্তা নদী পাড়ের বাসিন্দা মোয়াজ্জেম মিয়া বলেন, নদীর বান এতদিন ছিলো না। এই বৃষ্টিতে নদীর পানি বাড়তেছে এবং নদীর পাড় ভাঙতেছে।
কুড়িগ্রামের রাজারহাটে অবস্থিত কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র বলেন, বর্ষার এই সময়টাতে আগামী এক সপ্তাহ কুড়িগ্রামে হালকা ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার (২৯ জুন) সকাল ৯টা থেকে বুধবার (৩০ জুন) সকাল ৯টা পর্যন্ত ৯৪ মি.মি. বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের তথ্যমতে,কুড়িগ্রামে বুধবার (৩০ জুন) সকাল পর্যন্ত তিস্তা নদীর পানি ৮ সে.মি. কমলেও ধরলা নদীর পানি সেতু পয়েন্টে ১৯ সে.মি. ও ব্রহ্মপুত্রের পানি নুনখাওয়া পয়েন্ট ৩০ সে.মি. ও চিলমারী পয়েন্টে ব্রহ্মপুত্র নদের পানি ২৬ সে.মি. বৃদ্ধি পেয়েছে।
সুজন মোহন্ত/বার্তা বাজার/এফএইচপি