আগামীকাল থেকে কঠোর লকডাউনের স‌ঙ্গে থাকবে ভারী বৃষ্টি

আগামীকাল থেকে সারাদেশে ক‌ঠোর লকডাউন শুরু, এসময়ে সাথে থাকছে ভারী বৃষ্টি। বৃষ্টি নামার দৃশ্য উপভোগ করা যাবে ঘরে বসেই।

আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় এবং খুলনা বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ মো. আব্দুর রহমান খান বলেন, আজ ও কাল ভারী বৃষ্টি হতে পারে। ২ দিন পর এই মাত্রা কিছুটা কমতে পারে।

এদিকে আগামী ২৪ ঘণ্টায় সারাদেশের দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় বরিশালে ৩৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে গোপালগঞ্জে ৯৪ মিলিমিটার।

সিনপটিক অবস্থায় বলা হয়েছে, মৌসুমি বায়ু অক্ষের বর্ধিতাংশ উত্তর প্রদেশ, হিমালয়ের পাদদেশীয়, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর