করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে থাকায় আগামীকাল (১ জুলাই) থেকে সাতদিনের জন্য লকডাউনের ঘোষণা করেছে সরকার। লকডাউনের সময় মানতে হবে বেশ কিছু বিধি নিষেধ।
কঠোর লকডাউনে যদি কেউ বিনা কারণে ঘরের বাইরে বের হয় তাহলে তাকে গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম।
বুধবার (৩০ জুন) দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, এবারের কঠোর লকডাউনে বাসার বাইরে বের হলে আইনি ঝামেলায় পড়তে হবে। রিকশা ব্যবহার করা গেলেও কোনো ইঞ্জিনচালিত যানবাহন ব্যবহার করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া মাঠে ম্যাজিস্ট্রেট থাকবেন।
তিনি আরও বলেন, যারা বিনা কারণে বাইরে বের হবে আমরা তাদের ২৬৯ ধারায় মামলা দিতে যাচ্ছি। এরপর তাদের গ্রেফতার করে আদালতে পাঠানো হবে। এ মামলায় ন্যূনতম ৬ মাসের জেল ও জরিমানা হতে পারে।
বার্তা বাজার/নব